বিষাক্ত গ্যাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পাশের হাজি কছিম উদ্দিন পাবলিক স্কুলের সাত শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।টঙ্গী সরকারি হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা রুখসানা পারভীন বলেন, বিষাক্ত গ্যাসের কারণে ওই সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।স্কুলের প্রধান শিক্ষক এম এম হেলাল উদ্দিন বলেন, গতকাল রোববার সকাল নয়টার দিকে গ্যাসের কারণে স্কুলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে সাতজন বারবার বমি করে ও চোখে ঝাপসা দেখতে শুরু করে। একপর্যায়ে তারা অজ্ঞান হয়ে যায়। পরে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চারজনকে সেখানে ভর্তি করা হয়। অন্যদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, এ সময় হুড়োহুড়ি করে স্কুল থেকে বের হতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী ব্যথা পেয়েছে।প্রধান শিক্ষক বলেন, আগেও বেশ কয়েকবার এ অবস্থার সৃষ্টি হয়েছিল। কারখানা কর্তৃপক্ষকে বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।সূত্র জানায়, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণীর এস এইচ নুর; তৃতীয় শ্রেণীর তাজুল ইসলা, তাবিব হাসান, শরিফা আক্তার ও সিনথিয়া; চতুর্থ শ্রেণীর আরিফ হোসেন ও ফাহিম হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ফাহিম, তাবিব, তাজুল ও এস এইচ নুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নুর আলম প্রথম আলোকে বলেন, ওষুধ কারখানার ফিউম ডেলিভারেশন পাইপ (ধোঁয়া নির্গমন পাইপ) কমপক্ষে ৬০ ফুট উঁচু হতে হবে। তিনি বলেন, বেক্সিমকোর ওষুধ কারখানার গ্যাস নির্গমনের ব্যাপারে তিনি খবর নিয়ে দেখবেন।কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মেহবুবুল হক বলেন, ‘খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ রকম সমস্যা আর হবে না।’