বিষাক্ত দ্রব্য পানে ছাত্রলীগের নেতাসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বিষাক্ত দ্রব্য পানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি আহসান উল্লাহ ভূঁইয়া ওরফে মেহেদী (২৫) ও মোহন (২৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় তাঁদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহনকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেহেদীর মৃত্যু হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ছাত্রলীগের নেতা মেহেদী কয়েকজন বন্ধু মিলে কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা অন্য বন্ধু আতিকের বিয়ের দাওয়াত খেতে আসেন। খাওয়া শেষে তাঁরা ভেড়ামারা শহরের হোটেল পূর্বাশায় ওঠেন। হোটেলে থাকা অবস্থায় নেশাজাতীয় কোনো দ্রব্য পান করে অসুস্থ হয়ে পড়লে মেহেদী মোহনকে নিয়ে গত সোমবার বেলা ১১টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহিম খান প্রথম আলোকে বলেন, পেটে ব্যথা ও বমি ভাব নিয়ে সোমবার সকালে মেহেদীসহ দুজন হাসপাতালে এসেছিলেন। দ্বিতীয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ভর্তির দুই ঘণ্টা পর অবস্থার অবনতি হলে মেহেদীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জানান, মেহেদী কিশোরগঞ্জের গাইটাল এলাকার আবদুল্লাহর ছেলে। মোহন খুলনার দৌলতপুর উপজেলার ফুলবাড়িয়া গেটের কলিম উদ্দিন সর্দারের ছেলে। নেশাজাতীয় কোনো দ্রব্য পান করে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।