বিষাক্ত ধোঁয়ায় মরছে গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাহালুর কাজিপাড়া বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ার্স মিল ও ফিলিং স্টেশনের নামে কারখানা দিয়ে ব্যাটারি ভাঙার কাজ চলছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
কাহালুর কাজিপাড়া বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ার্স মিল ও ফিলিং স্টেশনের নামে কারখানা দিয়ে ব্যাটারি ভাঙার কাজ চলছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নে গত ৬ মাসে ৪০ থেকে ৪৫টি গরু মারা গেছে। স্থানীয় একটি কারখানায় প্রতিদিন অ্যাসিডযুক্ত পুরোনো ব্যাটারি পোড়ানোয় বিষাক্ত ধোঁয়ায় এসব গরুর মৃত্যু হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন।
স্থানীয় লোকজন এ বছরের ফেব্রুয়ারিতে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর লোকজন গত রোববার বিকেলে ওই কারখানার সামনে মানববন্ধন করেন। রাতে ব্যাটারি পোড়ানো বন্ধ করতে ওই রাত থেকেই তাঁরা কারখানাটির সামনে পাহাড়া দিচ্ছেন।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর কাজিপাড়া বাসস্ট্যান্ডের অদূরে বউবাজারে ওই কারখানা অবস্থিত। কারখানার সামনে লুনা ফ্লাওয়ার্স মিল ও তাসিন ফিলিং স্টেশন নামে একটি সাইনবোর্ড টাঙানো। কারখানার প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা পুরোনো ব্যাটারি ভেঙে বিভিন্ন অংশ আলাদা করছেন। তবে ফ্লাওয়ার্স মিল কিংবা ফিলিং স্টেশনের কোনো কার্যক্রম দেখা যায়নি ওই কারখানায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, প্রতি মাসেই নতুন শ্রমিকেরা এই কারখানায় কাজে যোগ দেন। দিনের বেলায় পুরোনো ব্যাটারির বিভিন্ন অংশ আলাদা করার কাজ চলে। আর রাতে শ্রমিকদের আরেকটি দল ব্যাটারির ভেতরের অংশ পুড়িয়ে সিসা সংগ্রহ করেন। তবে কারখানার ব্যবস্থাপক কে, তা জানাতে পারেননি শ্রমিকেরা।
ওই কারখানার আশপাশের গ্রাম ছানদুইন, নিশ্চিন্তপুর, খাঁপাড়া, বাথই পশ্চিমপাড়া। ছানদুইন গ্রামের বাদল খন্দকার বলেন, কারখানার উত্তরে যেসব গ্রাম আছে, শীতের উত্তুরে বাতাসে সেসব গ্রামের গরু, মুরগি রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর গরমের সময় আক্রান্ত হয় কারখানার দক্ষিণের গ্রামগুলো। তিনি আরও বলেন, গত দুই-আড়াই মাসে শুধু এ গ্রামেরই ২০ থেকে ২৫টি গরু মারা গেছে। ১২ দিন আগে তাঁর নিজের একটি গরু আকষ্মিক মারা যাওয়ায় তিনি পশুচিকিৎসককে গ্রামে নিয়ে এসেছিলেন। চিকিৎসক ওষুধও লিখে দিয়েছেন। কিন্তু গরু অসুস্থ হওয়ার পর এত দ্রুত মারা যায় যে ওষুধ দেওয়ারও সময় পাওয়া যায় না।
একই গ্রামের মিন্টু মণ্ডল বলেন, গত সপ্তাহে তাঁর গ্রামে আট মাসের গর্ভবতী একটি গরু অজানা রোগে মারা যায়। রোগাক্রান্ত গরুর মুখ দিয়ে প্রথমে লালা পড়ে। তারপর ঘাড় বাঁকা হয়ে তিন-চার ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়। বাথই পশ্চিমপাড়ার আফসার আলী (৫৫) বলেন, তাঁর গ্রামে গত ৬ মাসে ১৫ জনের অন্তত ২২ থেকে ২৫টি গরু মারা গেছে।
বাথই পশ্চিমপাড়ার মুরগির খামারি আরিফুল ইসলাম বলেন, আগে এ গ্রামে ১০-১২টি মুরগির খামার ছিল। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা যাওয়ায় খামার মালিকেরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। ফলে বেশির ভাগ খামারই এখন বন্ধ।
কারাখানাসংলগ্ন এলাকার বাসিন্দা জালাল উদ্দিন খন্দকার বলেন, তিন মাস আগে তাঁর দুটি গরু মারা যায়। এরপর গ্রামের লোকজনের সহায়তায় তিনি বগুড়ার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত মঙ্গলবার আবারও ইউএনও কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
নারহট্ট ইউনিয়ন পরিষদের সদস্য হবিবর রহমান বলেন, আটার মিল করার কথা বলে জায়গা নিয়ে ব্যাটারি পোড়ানোর কাজ করছেন কারখানার মালিকেরা। রাতে বিষাক্ত ধোঁয়ায় ঘরের বাইরে বের হওয়া যায় না। কারখানার লোকজনকে বলেও কোনো কাজ হয়নি।
কারখানার ব্যবস্থাপক রুবেল হোসেন মুঠোফোনে বলেন, ‘লুনা ফ্লাওয়ার্স মিল ও ফিলিং স্টেশনটি আমাদের না। আমরা ওই জায়গা ভাড়া নিয়ে ব্যাটারি পুড়িয়ে থাকি। লোকজনের যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য রাতে ব্যাটারি পোড়ানো হয়। এ ধরনের কারখানা দেশে অনেক আছে।’
কাহালুর ইউএনও আরাফাত রহমান বলেন, ব্যাটারি পোড়ানোর ঘটনায় মঙ্গলবার অভিযোগ পেয়েছেন। খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ওই কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয় বগুড়ার উপপরিচালক মেজবাহ আল আলম মুঠোফোনে বলেন, ‘লোকালয়ে কোনোভাবেই ব্যাটারি পোড়ানো যাবে না। এর আগের অভিযোগটি খুঁজে পাওয়া যাচ্ছে না। নতুন করে এলাকাবাসীর অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’