বিষাক্ত পদার্থের গন্ধে ডুমুরিয়ায় ১৭ শিক্ষার্থী অসুস্থ
বিষাক্ত পদার্থের গন্ধে গতকাল মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মোটরসাইকেল চালকের সঙ্গে থাকা বিষজাতীয় পদার্থ ভরা বোতল ভেঙে পড়ে। এতে ওই পদার্থের তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীরা ঘটনা দেখতে সেখানে যায়। এ সময় একে একে ১৭ জন অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন বমি করতে করতে জ্ঞান হারায়। শিক্ষকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দিলে অধিকাংশের অবস্থার উন্নতি হয়। কিন্তু পঞ্চম শ্রেণীর পাঁচ শিক্ষার্থীর অবস্থার উন্নতি না হওয়ায় তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হোসেন বলেন, অরগানো ফসফরাস কম্পাউন্ড বা বিষজাতীয় পদার্থের তীব্র গন্ধ ওই শিক্ষার্থীদের শরীরে ঢুকে বিষক্রিয়া সৃষ্টি করে। এতেই তারা অসুস্থ হয়ে পড়ে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তারা এখন শঙ্কামুক্ত।