চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডে থাকা এমটি প্রডিউসার নামের জাহাজটিতে বিষাক্ত বর্জ্য ও তেজস্ক্রিয় পদার্থ আছে কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক গতকাল শনিবার এই কমিটি গঠন করেন। অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মাসুদ করিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মাসুদ করিম প্রথম আলোকে বলেন, বুয়েটের একজন অধ্যাপক, পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা, বিস্ফোরক অধিদপ্তরের একজন পরিদর্শক, মেরিন একাডেমির একজন কর্মকর্তা ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্যকে কমিটির সদস্য করা হয়েছে।
জনতা স্টিল করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান নর্থ সি প্রডিউসার (বর্তমান নাম এমটি প্রডিউসার) নামের জাহাজটি আমদানি করে। গত ১৪ আগস্ট সেটি বাংলাদেশে পৌঁছায়। এর দুই দিন পর জাহাজটিকে জনতা স্টিলের সীতাকুণ্ডের মাদামবিবির হাটের ইয়ার্ডে নেওয়া হয়। ইয়ার্ডের মালিক মো. আমান উদ্দিন বলেন, জাহাজটি ভাঙা শুরু হয়েছে।
বিশ্বের ১৯টি পরিবেশ, মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনের জোট এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম বলছে, জাহাজটিতে থাকা বর্জ্যে তেজস্ক্রিয় উপাদান থাকতে পারে। তবে জাহাজ আমদানিকারকের দাবি, জাহাজে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ নেই।
এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় “‘বিষাক্ত বর্জ্যবাহী” জাহাজ ভাঙা হচ্ছে সীতাকুণ্ডে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।