চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরের কয়েকটি কারখানার বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি থেকে কচুয়াই ও ভাটিখাইন এলাকার পাঁচটি গ্রামে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত দেড় বছর ধরে কয়েক শত একর ফসলি জমিতে উৎপাদন হচ্ছে না। জমি, খাই ও পুকুরে কোনো মাছও পাওয়া যাচ্ছে না।সরেজমিনে ঘুরে এ কথা জানা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, কারখানার রং ও বর্জ্য বিসিকের দক্ষিণ দিকের নালা দিয়ে পার্শ্ববর্তী কচুয়াই এলাকার জমি, খাই ও নালায় চলে যাচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।এলাকাবাসী জানায়, বিষাক্ত রঙিন বর্জ্যমিশ্রিত পানির স্রোত কচুয়াই ইউনিয়নের ঘোষপাড়া, শেখ মোহাম্মদ পাড়া, ফারুকী পাড়া, ছনুয়া পাড়া, বলাই পাড়া ও ভাটিখাইন এলাকার ফসলি জমি, খাই ও নালা দিয়ে চলে যাওয়ায় পরিবেশ দূষিত হয়ে পড়ছে। দেড় বছর ধরে এই এলাকার প্রায় শতাধিক একর জমিতে কোনো চাষ হচ্ছে না। বর্ষাকালে জমির পানি চারদিকে ছড়িয়ে পড়ায় প্রায় ৫০টি পুকুরে মাছের উৎপাদন হচ্ছে না।বিসিক শিল্পনগর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার ২৩টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে ১৫টির কারখানা চালু আছে। এর মধ্যে বিশেষ করে সাইলেক্স, মেটকো এগ্রো ও মমতাজ ফুড লিমিটেড এবং বন্ধ হয়ে যাওয়া সাংগু কারখানার স্থলে আরেকটি ওয়ার্কশপ বেশি বর্জ্য ছড়াচ্ছে। তবে সাইলেক্স লিমিটেডের পরিচালক দিদারুল আলম বলেন, ‘আমাদের কারখানায় কোনো বর্জ্য নেই। অন্য কারখানার বর্জ্য যাচ্ছে।’ কচুয়াই সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না বালা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুর্গন্ধে শ্বাস নিতে পারি না। জানালা বন্ধ করে নাকে কাপড় দিয়ে ক্লাস নিতে হয়।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানী বলেন, ‘কীভাবে বাস করছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট ছেলেমেয়েরা দুর্গন্ধের কারণে স্কুলে আসতে চায় না। এ কারণে তাদের নানা ধরনের রোগব্যাধি হচ্ছে।’শিল্প নগরের কর্মকর্তা সমীরণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘বিসিকের কারখানার পানি তো অনেক বছর ধরে যাচ্ছে, কিন্তু এত দিন কেউ অভিযোগ করেনি। এখন অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়েছে।’ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন প্রথম আলোকে বলেন, কোন প্রতিষ্ঠানের বর্জ্য যাচ্ছে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ‘এ ব্যাপারে আমাদের অফিসের লোক গিয়ে সরেজমিনে দেখে আসবে। তারপর ব্যবস্থা নেব।’