বিষাক্ত বর্জ্যে বিপন্ন করতোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এককালের স্রোতস্বিনী করতোয়ায় পানিপ্রবাহ না থাকায় জৌলুস হারিয়েছে আগেই। এখন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য এবং বগুড়া শহরের পাঁচ লাখ মানুষের বর্জ্য, ময়লা-আবর্জনা ও দূষিত পানি অবিরাম ফেলা হচ্ছে করতোয়ার বুকে। এতে বিপন্ন হতে চলেছে নদীটি।১১৬ কিলোমিটার দীর্ঘ করতোয়ায় একসময় সারা বছর পালতোলা নৌকা চলত। নদীপারের মানুষ সারা বছর মাছ ধরত। করতোয়াই ছিল প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্র নগরের একমাত্র নৌপথ। বণিক আর সওদাগরেরা এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য করতে করতোয়া হয়ে যাতায়াত করতেন।স্থানীয় পরিবেশবাদীদের মতে, ২২ বছর আগেও করতোয়ায় স্রোত ও পানিপ্রবাহ ছিল। ১৯৮৯ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্যানিয়ন্ত্রণের জন্য গাইবান্ধার খালিশায় একটি স্লুইসগেট নির্মাণ করে। তখন থেকেই কার্যত করতোয়ার মৃত্যু ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া শহরতলির ঠেঙ্গামারা গ্রামে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) মালিকানাধীন বিসিএল পেপার মিলের বর্জ্য আর বিষাক্ত পানি ফেলা হচ্ছে করতোয়া নদীতে। এ ছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য এবং শহরের বর্জ্য ও নোংরা পানি ফেলা হয় করতোয়ায়। শহরতলির সাজাপুরে ভাদাই খাল দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ আশপাশের কয়েকটি শিল্পকারখানার বর্জ্য গিয়ে পড়ছে নদীতে।শনিবার বগুড়ার মহাস্থানগড় থেকে শাজাহানপুর উপজেলার সাজাপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার ঘুরে দেখা গেছে, করতোয়ার দূষণ শুরু ঠেঙ্গামারা গ্রাম থেকে। এখানে বিসিএল পেপার মিলের বিষাক্ত বর্জ্য আছড়ে পড়ছে করতোয়ায়। শহরের দত্তবাড়ী-চেলোপাড়া সেতু-সংলগ্ন এলাকায় করতোয়াকে ব্যবহার করা হচ্ছে ময়লা-আবর্জনার ভাগাড় হিসেবে। একই চিত্র দেখা গেল এসপি সেতু-সংলগ্ন এলাকায়। শহরতলির ফটকি সেতুর নিচ দিয়ে ভাদাই খাল হয়ে মারাত্মক বর্জ্য মিশছে করতোয়ায়। এ ছাড়াও শহরে পৌরসভার অর্ধশত নালা দিয়ে নোংরা পানি আর ময়লা-আবর্জনা গিয়ে পড়ছে করতোয়ার বুকে।ঠেঙ্গামারার কৃষক মকবুল হোসেন বলেন, দুই বছর ধরে পেপার মিলের বর্জ্য আর পানি ফেলা হচ্ছে করতোয়ায়। একসময় গোসল করা গেলেও এখন দূষণের কারণে নদীর পানি স্পর্শও করা যায় না। টিএমএসএস ম্যাটসের শিক্ষার্থী শাহীন আলম বলেন, প্রশাসনের চাপে মিল কর্তৃপক্ষ কিছুদিন বর্জ্য ফেলা বন্ধ রাখলেও আবারও তা নদীতে ফেলা হচ্ছে।করতোয়ায় শিল্পবর্জ্য ফেলার ব্যাপারে বিসিএল পেপার মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।বগুড়া শহরের চেলোপাড়ার বাসিন্দা সুব্রত সেন বলেন, নদীকে পৌরসভা ভাগাড় হিসেবে ব্যবহার করছে। এটা শুধু আইন লঙ্ঘন নয়, চরম দায়িত্বহীনতা। সাজাপুরের গৃহবধূ সালমা বেগম বলেন, ভাদাই খাল দিয়ে দূষিত পানি গিয়ে করতোয়ায় মিশছে, এই পানি স্পর্শ করলে হাতে ঘা ও চুলকানি হয়। সাজাপুরের শিক্ষক আবদুস সামাদ বলেন, করতোয়ায় এখন মাছ, ব্যাঙ, সাপ সবই মরে ভেসে ওঠে।করতোয়া নদী নিয়ে গবেষণা করছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আবু হায়দার। তিনি বলেন, দখল আর দূষণে করতোয়া এখন কার্যত ভাগাড়। নদীতে পানিপ্রবাহ নেই, মাছ মেলে না। শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হলে করতোয়াকে বাঁচাতে হবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিল্পকারখানার বর্জ্য ফেলা রোধে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে হবে। নদী খনন ও ভাটিতে স্লুইসগেট অপসারণের পাশাপাশি নদী বাঁচাতে মহাপরিকল্পনা নিতে হবে।বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান দাবি করেন, পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণ করে মহল্লাভিত্তিক গঠন করে দেওয়া একটি কমিটি। কমিটি পৌরসভাকে না জানিয়েই করতোয়া নদীতে এসব ময়লা-আবর্জনা ফেলে থাকে। প্রত্যেক কমিটিকে নিষেধ করা হয়েছে। পাউবো বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরদার প্রথম আলোকে বলেন, নদী দখল ও দূষণের বিষয়টি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তার পরও শিল্পের বিষাক্ত বর্জ্য নদীতে না ফেলার জন্য বিসিএল পেপার মিল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বারণ করা হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক আফরিন আখতার।জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, নদী বাঁচানোর দায়িত্ব সবার। পরিবেশ অধিদপ্তরকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে চাইলে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট দিয়ে সহযোগিতা করবে।