বিষাক্ত বর্জ্যে মরছে করতোয়ার মাছ
বিষাক্ত বর্জ্যে পঞ্চগড়ে করতোয়া নদীর পানি দূষিত হয়ে পড়ায় মাছ মরে যাচ্ছে। মাছ মরে যাওয়ার ঘটনায় দুটি মৎস্যজীবী সমিতি জেলা প্রশাসক ও মৎস্য বিভাগে লিখিত অভিযোগ দিয়েছে। নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার জন্য রেকটিফাইড স্পিরিট (আরএস) তৈরির প্রতিষ্ঠান পঞ্চগড় মার্শাল ডিস্টিলারিজকে দায়ী করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি অভিযোগ নাকচ করে দিয়েছে।মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, মার্শাল ডিস্টিলারিজের বর্জ্যে নদীর মাছ মরে যাওয়ার ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি মৎস্যজীবী সমিতি জেলা প্রশাসক ও মৎস্য বিভাগের বরাবরে লিখিত আবেদন করে। অভিযোগ পেয়ে জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা গত ২৬ ফেব্রুয়ারি মার্শাল ডিস্টিলারিজের কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে সতর্ক করে দেন। এ সময় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বর্জ্য পরিশোধন করে নদীতে ফেলার আশ্বাস দেয়। কিন্তু এরপর ছয়দিনেও বর্জ্য পরিশোধন না করায় গত বৃহস্পতিবার উপজেলা মৎস্য কর্মকর্তা এ কে এম ওয়াহেদুজ্জামান ও ক্ষেত্র সহকারী আবদুর রাজ্জাক আবারও মার্শাল ডিস্টিলারিজের কার্যালয়ের গিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চান। এ সময় মার্শাল ডিস্টিলারিজ কর্তৃপক্ষ দাবি করে, তাদের বর্জ্যের কারণে করতোয়ার মাছ মরেনি। পরে মৎস্য কর্মকর্তারা মার্শাল ডিস্টিলারিজের বর্জ্য সংগ্রহ করেন। জেলার সদর উপজেলার করতোয়া নদীর নলকুড়া মনি মৎস্য অভয়াশ্রমের স্থানীয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, অভয়াশ্রমসহ করতোয়া নদীর মাছ মরে যাওয়ায় সাধারণ জেলেদের ক্ষতি হচ্ছে। তাঁরা নদীতে মাছ ধরতে পারছেন না। তিনি দাবি করেন, মার্শাল ডিস্টিলারিজের বিষাক্ত বর্জ্যে অভয়াশ্রমের ১০-১৫ লাখ টাকার মাছ মরে গেছে।উপজেলা মৎস্য কর্মকর্তা এ কে এম ওয়াহেদুজ্জামান জানান, বিষাক্ত বর্জ্যে অভয়াশ্রমের মাছ মারা যাওয়ায় মৎস্যজীবীদের পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হবে। মার্শাল ডিস্টিলারিজের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, তাঁদের প্রতিষ্ঠানের বর্জ্যে মাছ মরে যাওয়ার বিষয়টি ঠিক নয়। দীর্ঘ ২০ বছর ধরে তাঁরা এই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। একই পদ্ধতিতে এখনো প্রতিষ্ঠান চলছে। চিনিকলের বর্জ্যে বা অন্য কোনো কারণে মাছ মরতে পারে বলে মন্তব্য করেন তিনি।