বিষাক্ত বর্জ্যে মানবিক বিপর্যয়
পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের কারিগরপাড়ায় ঝাঁজালো দুর্গন্ধে কারোরই দুদণ্ড থাকার ইচ্ছা হবে না। এলাকার বেশির ভাগ মানুষ, বিশেষ করে শিশুরা চর্মরোগ ও পেটের পীড়ায় ভুগছে। অনেক নলকূপ থেকে দুর্গন্ধযুক্ত রঙিন পানি বের হওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সব মিলিয়ে সেখানকার দুই শতাধিক পরিবারের এক হাজারেরও বেশি মানুষকে বাস করতে হচ্ছে দুর্বিষহ পরিবেশে।এলাকাবাসীর অভিযোগ, ঘনবসতিপূর্ণ এই এলাকায় একটি সুতা ও কাপড় রং করার কারখানা (ডায়িং কারখানা) স্থাপন করায় এমন দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। কারখানার বিষাক্ত বর্জ্য সেখানকার একটি খালে ফেলায় তা ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। শুধু এ কারখানাটিই নয়, জগন্নাথপুর গ্রামের আরও চারটি প্রসেস কারখানা এলাকায় পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।এলাকাবাসী জানান, জগন্নাথপুর গ্রামে বছর ছয়েক আগে একে একে পাঁচটি প্রসেস কারখানা গড়ে ওঠে। এসব কারখানা থেকে সুতা রং করার কাজে ব্যবহূত নাইট্রিক এসিড, অ্যাসিটিক এসিড, কষ্টিক সোডা, হাইড্রোজেন পার-অক্সাইড, লবণসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ পানির সঙ্গে মিশে প্রতিনিয়ত বিষাক্ত বর্জ্য আকারে নির্গত হচ্ছে। কারখানার মালিকেরা সেই বর্জ্য গ্রামের প্রধান খালসহ বিভিন্ন খালে ফেলায় গোটা গ্রামে পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি পরিবেশ দূষণ ঘটাচ্ছে ঘনবসতিপূর্ণ কারিগরপাড়ায় গড়ে ওঠা আল মাহমুদ মোল্লা নামের এক ব্যক্তির কারখানা। প্রথমে এটি প্রসেস কারখানা হিসেবে চালু হলেও বছর দুয়েক হলো এটি ডায়িং কারখানা হিসেবে চলছে। আর এই দুই বছর ধরে গ্রামবাসীর দুর্ভোগ বেড়ে গেছে আগের চেয়ে অনেক বেশি। সরেজমিনে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ কারিগরপাড়ার বেশির ভাগ মানুষ দরিদ্র। পরস্পর সংযুক্ত কয়েকটি খালের পাড় ঘেঁষে সেখানকার বসতিগুলো গড়ে উঠেছে। সেখানে ঢুকতেই টের পাওয়া যায় ঝাঁজালো দুর্গন্ধ। খালগুলোতে বিষাক্ত বর্জ্য মেশায় সেগুলোর পানি গাঢ় ও কুৎসিত বর্ণ ধারণ করেছে। পাড়ার দক্ষিণ দিকে গিয়ে দেখা যায়, ডায়িং কারখানা থেকে একটি পাইপের মাধ্যমে বর্জ্য এসে খালে পড়ছে। আর সেই বর্জ্য ছড়িয়ে পড়ছে অন্যান্য খালে।পাড়ার আবদুল মালেকের ছেলে মহিবুল্লা (৩), মকরম আলীর ছেলে সজীব (৬), আমিন উদ্দিনের ছেলে রাকিবসহ (৭) অনেক শিশুর শরীরে মারাত্মক চর্মরোগ ও পেটের পীড়া হয়েছে। ফজর আলী মোল্লা (৪৫) তাঁর নলকূপ থেকে রঙিন ও দুর্গন্ধযুক্ত পানি বের করে বলেন, ‘এক-দেড় বছর ধইর্যা পানির এই অবস্থা। আমার বাড়ির সগলেরই নানা রকম অসুখ লাইগ্যা আছে। এর মধ্যে ছোট মেয়ের ডায়রিয়া এমন হইছিল যে পাবনা সদর হাসপাতালে নিয়্যা তিন হাজার টাকা খরচ করা লাগিছে। আসলে আমরা গরিব বইল্যা আমাগরে পাশে দাঁড়াইন্যার কেউ নাই। তা না হলি এত দিনে ডায়িং কারখানা বন্ধ হয়া যাইত।’পাড়ার পল্লি চিকিৎসক আবদুল মোমিন বলেন, ‘ডায়িং কারখানার জন্যে এই গিরামের বেশির ভাগ মানুষই চর্মরোগ ও পেটের পীড়ায় ভুগত্যাছে। প্রায় বাড়ির নলকূপের পানি ব্যবহারের অযোগ্য হয়া পড়িছে।’ পাড়ার শাহজাহান মোল্লা জানান, বিষাক্ত বর্জ্যে এ পর্যন্ত তাঁর ২০টি মুরগি, দুটি আমগাছ; রাজ্জাক মোল্লার পাঁচটি হাঁস ও তাঁর ভাতিজার ১০-১২টি কবুতর মারা গেছে।এলাকাবাসী বর্জ্য থেকে নিষ্কৃতি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন স্থানে আবেদন করেও কোনো ফল পায়নি। মাস চারেক আগে কারখানার মালিক আলমাহমুদ মোল্লা গ্রামবাসীর সঙ্গে বৈঠক করে কথা দিয়েছিলেন, তিন মাসের মধ্যে তিনি হয় কারখানা বন্ধ করবেন, নয় তো বর্জ্য যাতে না ছড়ায় সে ব্যবস্থা নেবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি সে ধরনের কোনো উদ্যোগ নেননি। বরং এ ব্যাপারে বাড়াবাড়ি না করার জন্য তিনি হুমকি দিচ্ছেন বলে গ্রামবাসীর অভিযোগ।আলমাহমুদ মোল্লা দাবি করেন, ‘তাঁর কারখানা থেকে যে বর্জ্য বের হয় তা মোটেও বিষাক্ত ও ক্ষতিকর নয়। গ্রামের কিছু লোক তাঁর ক্ষতি করার জন্য এসব ছড়াচ্ছে। কারখানার বর্জ্য যে খালে পড়ে সেটি তাঁর নিজের দাবি করে তিনি জানান, এবারের অতি বর্ষণে খাল থেকে বর্জ্যগুলো অন্য খালে ছড়িয়ে পড়েছে। পানি শুকালেই তিনি তাঁর খালে বাঁধ দিয়ে বর্জ্য আটকানোর ব্যবস্থা করবেন।ইউএনও মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদীপক্ষের কয়েকজনকে ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা উপস্থিত না হওয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়নি। তবে শিগগিরই এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।