বিষাক্ত মদ পানে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে বিষাক্ত মদ পান করে প্রভাত মণ্ডল (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রভাতের বাড়ি নগরের বোয়ালিয়া থানাধীন রাজারহাতা এলাকায়। একই এলাকার সুখেন মণ্ডল ও ডাবলু মণ্ডল নামের আরও দুজন গুরুতর অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। সুখেনের স্ত্রী শোভা রানী জানান, বুধবার রাতে ওই তিনজনসহ আরও কয়েকজন যুবক মদ পান করেন। পরে ওই তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত দুইটার দিকে তাঁদের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল প্রভাত মারা যান। হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, মদ পানের কারণে বিষক্রিয়ায় প্রভাত মারা গেছেন। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।