বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
বিষাক্ত মদ পান করে ছয় দিনের ব্যবধানে দুজন মারা গেছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মডেল থানা সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।থানা সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার গৈচাশিয়া গ্রামের শফিকুল ইসলামকে (৩০) গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার রাতে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোববার তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তি বিষাক্ত পানীয় পান করে অসুস্থ হন। তাঁর শ্বশুর আবদুস ছাত্তার জানান, শফিকুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। শনিবার সারা দিন তিনি চোলাই মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের বাসিন্দা কালিচরণ (৫৫) বিষাক্ত মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়।কালীচরণ গ্রাম পুলিশের সদস্য ছিলেন বলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।