বিষাক্ত মদপানে যুবদল নেতাসহ দুজনের মৃত্যু
ফেনীর সোনাগাজী উপজেলায় বিষাক্ত মদ পানে যুবদলের নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিএনপির এক নেতাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলাল, উপজেলা যুবদলের সদস্য মোবারক হোসেন ও এলাকায় মাদক ব্যবসায়ী বলে পরিচিত হিরণ মিয়াসহ ৮-১০ জন শনিবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে একটি ঘরে বসে মদ পান করেন। কিছুক্ষণের মধ্যে তাঁদের দেহে বিষক্রিয়া শুরু হয়। তাঁদের মধ্যে ভিপি দুলাল, মোবারক হোসেন ও হিরণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্বজনেরা তাঁদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পথেই মোবারক হোসেনের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা অপর দুজনকে দ্রুত ফেনী বা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করার পরপরই মারা যান হিরণ। ভিপি দুলালকে ফেনীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।