বিষাক্ত স্পিরিট পানে আরও দুজনের মৃত্যু, অসুস্থ ৮
কুষ্টিয়ায় বিষাক্ত স্পিরিট পান করা আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে খবির উদ্দিন ওরফে ভ্যাগল (৫২) নামে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিকেল উমেদ আলী (৪০) নামে আরেকজনকে ওই হাসপাতালে ভর্তি করলে তিনিও মারা যান। এই নিয়ে গত তিন দিনে জেলায় বিষাক্ত স্পিরিট পান করা চারজনের মৃত্যু হলো। স্পিরিট পানে অসুস্থ হয়ে তোফাজ্জেল হোসেন (৪০), মোয়াজ্জেম হোসেন (৪৫), মোজাম্মেল হক (৪৮), ইয়ার আলী (৩২) নামের চারজন উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে খবির উদ্দিন পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি দেখে তাঁকে দ্রুত জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। খবির উদ্দিন দৌলতপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শ্বাসকষ্টের যন্ত্রণা নিয়ে গতকাল দুপুর সোয়া একটার দিকে জেলা শহরের চর মিলপাড়ার উমেদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সেবা দেওয়ার কিছু পরেই বেলা তিনটায় তিনি মারা যান। স্পিরিট পানে উমেদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক সনদ দিয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, কুষ্টিয়া-১ আসনের সাসংদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিনের সৎভাই রোকন বিশ্বাসসহ ১০-১২ জন মিলে ঈদের দিন রাতে বিষাক্ত স্পিরিট পান করেন। ওই ঘটনার পর এখনো অনেকে গোপনে চিকিৎসা নিচ্ছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, অবৈধভাবে স্পিরিট বিক্রির অভিযোগে পুলিশ বাদী হয়ে হোমিও চিকিৎসক ফজলুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।