কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পান করা ব্যক্তিদের মধ্যে পান্না (৩২) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিনি তাঁর নিজ বাড়িতে মারা যান। পান্না দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের উম্মত আলীর ছেলে। এ নিয়ে জেলায় গত চার দিনে বিষাক্ত স্পিরিট পান করা পাঁচজনের মৃত্যু হলো। অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন আরও আটজন।পান্নার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে মাথায় ঝিমুনি নিয়ে পান্না ঘুমিয়ে পড়েন। সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর কয়েকজন জানান, পান্না দীর্ঘদিন ধরে স্পিরিট ও বাংলা মদ বিক্রি এবং পান করতেন। শনিবার ঈদের দিন রাতেও তিনি স্পিরিট পান করেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পান্না নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। সেখানে থানার একজন উপপরিদর্শক পাঠানো হয়েছে। পান্নার বিরুদ্ধে থানায় মাদক সেবনের অভিযোগ আছে। তবে বিষাক্ত স্পিরিট পানে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’এর আগে গত তিন দিনে বিষাক্ত স্পিরিট পানে দৌলতপুরের রোকন বিশ্বাস, পিনু সর্দার, খবির উদ্দীন ও কুষ্টিয়া শহরের চরমিলপাড়ার উমেদ আলী মারা যান। এর মধ্যে খবির উদ্দীন ও উমেদ আলীর লাশের ময়নাতদন্ত করা হয়। তবে একই ঘটনায় মৃত্যু হলেও রোকন বিশ্বাস ও পিনু সর্দারের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তির আত্মীয় হওয়ার কারণে তাঁদের লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।পুলিশ সুপার শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘বিষাক্ত স্পিরিট পানে জেলায় চারজনের মৃত্যুর ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ আছে। পুলিশ এর মূল হোতাদের ধরতে অভিযান চালাচ্ছে। পিনু সর্দারের লাশ তাঁর পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে রাতেই দাফন করে ফেলেন। রোকন বিশ্বাস রাজশাহীতে মারা গেছেন, সেখানে কী করা হয়েছে তা আমার জানা নেই।’