মুক্তাঞ্চলটিতে মানুষের স্রোত। দলে দলে ঘরে ফিরছেন ঘরছাড়া লোকজন। ফিরছেন মুক্তিযোদ্ধারাও। তবে কেউ যেন প্রাণ খুলে হাসছেন না। প্রিয় জনপদ শত্রুমুক্ত হওয়ার আনন্দের মাঝেও লুকিয়ে ছিল বিষাদের ছায়া। কারণ, শত্রুমুক্ত হওয়ার দুই দিন আগে আশুগঞ্জে ঘটে যায় এক ট্র্যাজেডি। পাকিস্তানি বাহিনীর ফাঁদে পড়ে অল্প সময়ের মধ্যে শহীদ হন মিত্রবাহিনীর তিন শতাধিক সেনা।
আশুগঞ্জ শত্রুমুক্ত হয় চূড়ান্ত বিজয়ের পাঁচ দিন আগে, ১১ ডিসেম্বর। প্রবহমান মেঘনার পাড় ঘেঁষে গড়ে ওঠা জনপদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা।
মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, আশুগঞ্জ শত্রুমুক্ত হয়েছে—এ রকম খবরে মিত্রবাহিনী এলাকাটি পুরোপুরি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনো সেখানে পাকিস্তানি সামরিক বাহিনীর দুই থেকে তিনটি পদাতিক ব্যাটালিয়ন অবস্থান করছিল।
বিমান ও গোলন্দাজ বাহিনীর ছত্রচ্ছায়া ছাড়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাদেয়ালের ৫০ গজের মধ্যে ঢোকামাত্র আক্রমণের শিকার হয় মিত্রবাহিনী। ঘটনার আকস্মিকতায় কয়েকজন মুক্তিযোদ্ধা, বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী, চার সেনা কর্মকর্তাসহ মিত্রবাহিনীর বহু সেনা হতাহত হন। ধ্বংস হয় তাঁদের তিনটি ট্যাংক। একপর্যায়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর হাতাহাতি ও বেয়নেট যুদ্ধ হয়।
ওই দিন সন্ধ্যার মধ্যেই মিত্রবাহিনীর বিমান হামলায় পাকিস্তানি সেনারা সম্পূর্ণ পর্যুদস্ত হয়। এই যুদ্ধে শতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়। ১১ ডিসেম্বর আশুগঞ্জ পুরোপুরি শত্রুমুক্ত হয়।
মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বললেন, ‘নিজ শহর শত্রুমুক্ত হলেও আনন্দ ছিল না। কারণ, আমাদের চোখের সামনে থেকে বন্ধু সহযোদ্ধাদের লাশ পড়ে থাকার দৃশ্য সরছিল না।’ তিনি জানান, লাশ হেলিকপ্টারে ওঠানোর সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সে সময় মিত্রবাহিনীর পাশাপাশি গ্রামবাসীও চোখের পানি ধরে রাখতে পারেননি।
আশুগঞ্জে হানাদার বাহিনীর আক্রমণ শুরু হয় ১৪ এপ্রিল। গানবোট ও হেলিকপ্টারযোগে আশুগঞ্জে নেমে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালায় তারা।
মুক্তিযুদ্ধ ও আশুগঞ্জ গ্রন্থের লেখক অধ্যক্ষ শাহজাহান আলম বলেন, ১৪ এপ্রিল গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেন। হেলিকপ্টার ধ্বংস করতে সোহাগপুর গ্রামের আম্বার আলী নামের এক তরুণ বল্লম ছুড়ে মেরেছিলেন। তবে পাকিস্তানি বাহিনীর অস্ত্রের মুখে টিকতে পারেননি সাহসী নিরস্ত্র এই যোদ্ধা। শহীদ হন তিনি।
মুক্তিযোদ্ধা ইকবাল হোসাইন বলেন, ১০ ডিসেম্বর রাত থেকে পাকিস্তানি সেনারা দলে দলে পার্শ্ববর্তী ভৈরবে পালিয়ে যায়। ১১ ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত হয়। তবে পার্শ্ববর্তী ভৈরব তখনো মুক্ত না হওয়ায় সবার মধ্যে উৎকণ্ঠা ছিল।
উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের কৃষক ইয়াকুব আলী বাড়িছাড়া ছিলেন। শত্রুমুক্ত হওয়ার কথা জেনে বাড়ি ফেরেন। তাঁর ভাতিজা মোজাম্মেল শহীদ হয়েছেন। পাকিস্তানি বাহিনী পাশের বাড়ি পুড়িয়ে দিয়েছে। বাড়ির কাছে বাংকারে পাকিস্তানি সেনাদের লাশ, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া পচা-গলা হাত-পা-গলা পড়ে থাকতে দেখেছেন।
পশ্চিম সোনারামপুর গ্রামের আরেক কৃষক চান মিয়া বলেন, ‘অনেক দিন পর বাড়ি আসি। আসার পর পার্শ্ববর্তী ভৈরবে চলা গোলাগুলির শব্দে আমার ভয়ে কাঁপুনি উঠছিল। মনে হয়েছিল আবার আক্রমণ হইব।’
আশুগঞ্জ অঞ্চলে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন। তিনি জানান, মুক্ত আশুগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নেন মুক্তিযোদ্ধা ও সংগঠকেরা। তবে শত্রুমুক্ত হওয়ার দুই দিন আগের সেই ট্র্যাজেডির কথা সবাইকে খুব বিমর্ষ করে রেখেছিল।