বিদায় ২০২০
বিষাদের বছর, বিচ্ছিন্নতার বছর
জাতীয় জীবনে ছিল সংকট। ব্যক্তিজীবন কেটেছে শঙ্কা আর স্বজন হারানোর বেদনায়।
সবকিছু ছক ধরেই চলছিল। কার্যকর গণতন্ত্র ও সুশাসনের পুরোনো ঘাটতির সঙ্গে কিছুটা ম্রিয়মাণ অর্থনীতি নিয়ে শুরু হয়েছিল ২০২০ সাল। বছরের শুরুতে তাই চিন্তা ছিল অর্থনীতিকে কীভাবে আরও সতেজ করা যায়। বাড়ানো যায় কর্মসংস্থান। ছিল উৎসবের প্রস্তুতিও। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বছরজুড়ে নানা অনুষ্ঠান হবে। একই সঙ্গে চলবে আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতি। কিন্তু সবকিছু থমকে দিল ছোট্ট একটি ভাইরাস। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের জন্যও বছরটি হয়ে গেল করোনার বছর।
খারাপ সময় এক মুহূর্তও বেশি কাটাতে চায় না মানুষ। কিন্তু বছরটি যে ছিল অধিবর্ষ বা লিপ ইয়ার। ফলে খারাপ সময়ও একদিন বেশি কাটাতে হয়েছে। এর আগে এমন কি কোনো বছর ছিল, যে বছর আমাদের শিশুরা বিদ্যালয়ে যায়নি, দল বেঁধে গায়নি জাতীয় সংগীত? এমন কি কোনো বছর গেছে, যে বছর বাংলাদেশ এত গুণীজন, এত চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে হারিয়েছে? এমন কি কোনো বছর ছিল, যে বছর বহু পরিবার জীবিকা হারিয়ে শহর ছেড়ে গ্রামে চলে গেছে? এই ঘরবন্দী সময়, মাস্কে ঢাকা মুখ, চশমায় ঢাকা চোখ, অসুখে স্বজনের সান্নিধ্যহীনতা—এমন সময় কি আগে কখনো দেখেছে বাংলাদেশ?
করোনার বাইরে ২০২০ সালটি ছিল গতানুগতিক। রাজনীতি ছিল অচঞ্চল। উল্লেখ করার মতো ঘটনা ছিল—নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। বছরের শেষ ভাগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ও ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসতে হয় ক্ষমতাসীনদের।
প্রবীণেরা বলছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আরও কষ্টে কেটেছিল দিন। মৃত্যুর মোহর হাতে নিয়ে চলেছে জীবন। কিন্তু তাতে তো ছিল আত্মত্যাগে মহিমান্বিত হওয়ার সুযোগ। ছিল মুক্তির স্বপ্ন। আর এবার আছে কেবল ভয়, অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা।
প্রবীণ শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক মনে করেন, শুধু মুক্তিযুদ্ধের বছর নয়, কোনোকালেই এ রকম বদ্ধতা দেখা যায়নি। অতীতে কলেরা, বসন্ত, ম্যালেরিয়ার মহামারি আসত, দু-এক মাস থাকার পর বিদায় নিত। কিন্তু এভাবে ধনী-গরিব, প্রভাবশালী-সাধারণ, শহর-গ্রাম মিলে সব মানুষের জীবনে করোনার মতো প্রভাব ফেলার ঘটনা বিরল।
তবু ফিরে দেখা
‘আবার তাহারে কেন ডেকে আনো?/ কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’ শুধু কবি জীবনানন্দ দাশ নন, কেউই দুঃখের স্মৃতি মনে রাখতে চায় না।
কিন্তু বাস্তবে চলতে গেলে পেছন ফিরতে হয়। করোনার বাইরে ২০২০ সালটি ছিল গতানুগতিক। রাজনীতি ছিল অচঞ্চল। উল্লেখ করার মতো ঘটনা ছিল—নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। বছরের শেষ ভাগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ও ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসতে হয় ক্ষমতাসীনদের।
দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ, রোহিঙ্গা সমস্যা সমাধান, সড়ক দুর্ঘটনা কমানো, ঢাকায় জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো—কোনো ক্ষেত্রেই বলার মতো সাফল্যের উদাহরণ নেই। তার ওপর করোনাকালে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, সম্পত্তি দখল ও গবাদিপশু চুরির মতো অপরাধ বেড়েছে। বেড়েছে নারী নির্যাতন, বিবাহবিচ্ছেদ।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে নানা ঘটনা ছিল আলোচিত। যেমন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের পালিয়ে যাওয়া ও বিপুল টাকা পাচারের অভিযোগ এবং এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা হত্যাচেষ্টা মামলার আসামি সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের গোপনে দেশত্যাগ।
ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়া, ফরিদপুরে দুই ভাই শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান এবং নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের গ্রেপ্তার, সিলেটে পুলিশের নির্যাতনে তরুণের মৃত্যু, কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যু, কোভিড-১৯-এর ভুয়া পরীক্ষা সনদ দেওয়ার দায়ে সাহেদ করিম এবং চিকিৎসক সাবরিনা আরিফ ও তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীর গ্রেপ্তারসহ নানা ঘটনা বছরজুড়ে আলোচিত ছিল।
শেষে আলোচনায় উঠে আছে, চিকিৎসা ব্যবস্থাপনায় দুর্বলতা-দুর্নীতি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে বিদায় নিতে হয়েছে।
বিষে বিষে বছর
করোনার মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় আম্পান আঘাত করে। জুন থেকে শুরু হয় দীর্ঘস্থায়ী বন্যা। নারায়ণগঞ্জে মসজিদে আগুনে ৩৪ জন, মুন্সিগঞ্জে লঞ্চডুবিতে ৩২ জন, নেত্রকোনার হাওরে ট্রলারডুবিতে ১৭ জন, জয়পুরহাটে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ১২ জন—করোনার বাইরেও মৃত্যুর মিছিল ছিল বছরজুড়ে। চাল, পেঁয়াজ, আলু ও সবজির দামের কশাঘাত সইতে হয়েছে প্রায় সারা বছর। বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিল মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে।
দেশে গত ৯ মাসে করোনাভাইরাসে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৫ লাখের বেশি। বিশ্বের ২১ দেশে করোনায় মারা যান আরও ২ হাজার ৩৩০ বাংলাদেশি।
৮ মার্চ প্রথম দেশে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত তিন রোগী শনাক্ত হন। ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরদিন দেশের মানুষ প্রথম ‘লকডাউন’ দেখতে পায় মাদারীপুরের শিবচরে। ২৬ মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি, শেষ হয় ৩০ মে। গণপরিবহন চলাচল শুরু হয় ১ জুন। ৬৬ দিন পর সচল হয় ঢাকা। তবে কোয়ারেন্টিন বা বিচ্ছিন্ন থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, জীবাণুনাশকের ব্যবহার, বাসায় থেকে কাজ (হোম অফিস)—এগুলো নতুন স্বাভাবিক জীবনের অংশ হয়ে যায়। জীবাণুনাশক ও সুরক্ষাসামগ্রী কিনতে বাড়তি ব্যয় করতে হয় মানুষকে।
দেশে গত ৯ মাসে করোনাভাইরাসে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৫ লাখের বেশি। বিশ্বের ২১ দেশে করোনায় মারা যান আরও ২ হাজার ৩৩০ বাংলাদেশি।
করোনা ও অন্যান্য অসুস্থতায় পুরো বছরে বাংলাদেশ হারিয়েছে সেক্টর কমান্ডার সি আর দত্ত ও আবু ওসমান চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, আইনজীবী রফিক-উল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, চিত্রশিল্পী মুর্তজা বশীর, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেম, শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও নিলুফার মঞ্জুর, সাংবাদিক কামাল লোহানী ও রাহাত খান, অভিনেতা আলী যাকের ও আবদুল কাদের, লেখক রশীদ হায়দার ও আবুল হাসনাত, শিল্পী এন্ড্রু কিশোর, ফুটবল সংগঠক বাদল রায়সহ বহু গুণী মানুষকে। মৃত্যুর তালিকায় রয়েছেন রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম আর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীও।
করোনাকালে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক মারা গেছেন ১২১ জন। পুলিশ সদস্য মারা গেছেন ৮৩ জন। সাংবাদিক মারা গেছেন অন্তত ২৯ জন। এর মধ্যেই নিউইয়র্কে খুন হন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ।
নৌকা আলাদা, ঝড় একই
করোনাকালের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কবিতা ছড়িয়ে পড়ে, যার শিরোনাম ‘উই আর নট ইন দ্য সেম বোট’ (আমরা একই নৌকায় নই)। ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, কবিতাটির লেখক কে, তা খুঁজে পাওয়া যায়নি। তবে কবিতার মূলকথা খুব সহজ, ‘আমরা আসলে এক নৌকায় নই, আলাদা নৌকায় একই ঝড়ের মধ্যে রয়েছি।’
বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়েছে। বিশ্বজুড়ে মারা গেছেন প্রায় ১৮ লাখ মানুষ। আক্রান্ত ৮ কোটির বেশি।
অর্থনৈতিক ক্ষতিও অনেক। বিশ্বব্যাংক গত জুনে ‘ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদনে জানায়, করোনার কারণে বৈশ্বিক জিডিপি (মোট দেশজ উৎপাদন) ৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে। দেশের পরিস্থিতি জানিয়েছিল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা। তাদের হিসাবে, করোনার শুরুর কয়েক মাসে দেশে নতুন করে ১ কোটি ৬৪ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।
সুখস্মৃতি রোমন্থন
বেঁচে থাকাটাই ছিল বছরের বড় সুখবর। তাই বলে বছরটা কি শুধু দুঃখেই কেটেছে? না, বহু পরিবারে বহু সুখস্মৃতিও আছে। করোনার মধ্যেও অনেক তরুণ-তরুণী ঘর বেঁধেছেন নতুন জীবনের স্বপ্নে। অনেক দম্পতি দেখেছেন নতুন সন্তানের মুখ। বহু পরিবারে ভালোবাসার বন্ধন আরও শক্ত হয়েছে। বহু মানুষ অচেনা-অসহায় মানুষের কষ্টে পাশে দাঁড়িয়েছে।
জাতীয়ভাবেও স্মরণ করার মতো কিছু ঘটনাও আছে। বছরের শুরুতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে চালু, পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের একটি টিউবের কাজ শেষ হওয়া—অবকাঠামোতে ভালো খবর আরও আছে।
বছরের শেষ দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, বাংলাদেশে মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) ভারতকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের ১৭ জন তরুণ নেতার তালিকায় বাংলাদেশি তরুণ প্রযুক্তিবিদ জাহিন রোহান রাজিনের স্থান পাওয়া, তিন শর্তে মাদক মামলার আসামিকে পরিবারের সঙ্গে থাকার আদেশ হাইকোর্টের—এমন ভালো খবরও ছিল।
ভুলে যাওয়ার জন্য এটাই সেরা বছর, তবে…
আপনি যদি স্মৃতি থেকে একটা সময়কে মুছে দিতে চান, তাহলে সেটা আপনার জীবনের কোন সময়? কয়েকজনকে এমন প্রশ্ন করলে তাঁরা বলেছেন, ২০২০ সাল।
একই প্রশ্নের জবাবে তরুণ ব্যবসায়ী ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ বললেন, কোনোভাবেই সেটা ২০২০ সাল নয়। তিনি বলেন, ‘আমরা যখন উড়তে থাকি, তখন সমস্যাগুলো নজরে আসে না। যখন থমকে যাই, তখন সমস্যা দেখতে পাই, সমাধানের তাগিদ আসে। বাংলাদেশের বিভিন্ন খাতে কাঠামোগত সংস্কার দরকার। সেটা এবার উপলব্ধিতে আসবে বলে আশা করি।’
সত্যি তো! ২০২০ সালকে সাধারণ মানুষ চাইলে ভুলে যেতে পারে, কিন্তু নীতিনির্ধারকদের ভুলে গেলে চলবে? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর থেকে শিক্ষা নিয়ে আগামী বছরগুলোতে স্বাস্থ্য খাতে জোর দিতে হবে। শিক্ষায় জোর দিতে হবে।
বৈষম্য কমাতে হবে। ফিরিয়ে আনতে হবে কর্মসংস্থানের গতি। নতুন বছরে ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে চাই কার্যকর গণতন্ত্র, সুশাসন, দুর্নীতি দমন, মানবাধিকার এবং নারী–শিশুর অধিকার—সব ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়া।