বিষে পাকছে টমেটো যাচ্ছে ঢাকায়
শরীয়তপুরে ‘বিষাক্ত’ রাসায়নিক কার্বাইড দিয়ে কাঁচা টমেটো পাকানো হচ্ছে। বেশি লাভের আশায় অসময়ে পাকিয়ে এসব টমেটো ঢাকা পাঠাচ্ছেন কৃষকেরা। এই টমেটো খেলে মানুষের কিডনি ও যকৃত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুরের সদর, জাজিরা ও নড়িয়া উপজেলায় চার হাজার হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টমেটোর আবাদ চলে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে খেত থেকে পাকা টমেটো সংগ্রহ করা যায়। কিন্তু বেশি দাম পাওয়ার আশায় স্থানীয় কৃষকেরা জমি থেকে কাঁচা টমেটো তুলে তাতে কার্বাইড ছিটায়। ওই তিন উপজেলার দুই শতাধিক স্থানে এভাবে কার্বাইড ছিটিয়ে টমেটো পাকানো হয়।কৃষকেরা জানান, তাঁদের খেতের টমেটো যে সময়ে পাকে সে সময় ভালো দাম পাওয়া যায় না। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতি টন পাকা টমেটো ছয় থেকে আট হাজার টাকা বিক্রি হয়। কিন্তু বর্তমানে এক টন বিক্রি করে তাঁরা ২৫ হাজার টাকা পান। তাই অধিক লাভের আশায় তাঁরা কাঁচা টমেটো খেত থেকে তুলে কার্বাইড মিশিয়ে তা পাকাচ্ছেন এবং পরে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এসব টমেটো পাইকাররা ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজারে নিয়ে বিক্রি করেন। টমেটো ব্যবসায়ী আল ইসলাম ও আবদুস সালাম বলেন, ‘কার্বাইড দিয়ে পাকানো টমেটোর রং ভালো হয়। তাই ভালো দাম পাওয়া যায়। প্রতিদিন এই অঞ্চল থেকে কয়েক শ টন টমেটো ঢাকায় নিয়ে বিক্রি করি। প্রতি টন টমেটো ২৫ হাজার টাকায় বিক্রি করছি।’কৃষকেরা জানান, প্রতি দুই টন টমেটো পাকানোর জন্য ১০০ মিলিলিটার তরল কার্বাইড ৩০ লিটার পানিতে মেশানো হয়। পরে কার্বাইড মেশানো ওই পানি টমেটোতে দুবার ছিটানো হয়। প্রথমবার জমি থেকে টমেটো তুলে তাতে ছিটানো হয়। এরপর ওই টমেটো রোদে একদিন শুকানো হয়। পরদিন আবারও এতে কার্বাইড ছিটানো হয়। এরপর আবার রোদে শুকানোর পর তিন দিন জাগ দেওয়া হয়। শেষে টমেটো লাল রং ধারণ করে। কৃষকেরা জানান, তাঁরা ঢাকার মিটফোর্ডের বিভিন্ন দোকান থেকে কার্বাইড কিনে থাকেন। তবে তাঁরা কোনো দোকানের নাম বলতে রাজি হননি। শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কার্বাইড টেক্সটাইল কারখানা ও চামড়া সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। সিভিল সার্জন আবদুল ওহাব বলেন, ‘কার্বাইড মানুষের শরীরে প্রবেশ করলে কিডনি ও যকৃত ক্ষতিগ্রস্ত হয়। কার্বাইড দিয়ে টমেটো পাকানো হলে তা আমাদের জন্য ভয়াবহ খবর।’জাজিরা উপজেলার জয়নগর খানকান্দি গ্রামের টমেটোচাষি কামাল উদ্দিন বলেন, ‘জমিতে টমেটো পাকতে অনেক সময় লাগে। বেশি দামে বিক্রি করার জন্য আমরা কার্বাইড মিশিয়ে টমেটো পাকিয়ে থাকি।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনসুর রহমান বলেন, ‘কার্বাইড দিয়ে টমেটো পাকানোর খবর আমাদের কাছে এসেছে। আমরা কৃষকদের এই কাজ থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধকরণ সভা করেছি। এর পরও পরামর্শ না শুনলে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সহায়তায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’