বিষয় আছে, শিক্ষক নেই, শ্রেণিকক্ষ-সংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগোল, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে শিক্ষার্থী আছে, কিন্তু শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। শ্রেণিকক্ষ দরকার ৪৮টি, আছে ২১টি। দুই-তৃতীয়াংশ কর্মচারীর পদই শূন্য।
বর্তমানে এই কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), ১৩টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ৮টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ৬ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী রয়েছে। ষাটের দশকে প্রতিষ্ঠিত কুমিল্লা সরকারি মহিলা কলেজে এ রকম নানা সংকটের মধ্য দিয়েই চলছে পাঠদান।
কলেজের প্রধান সহকারী মো. মাহমুদুন্নবী বলেন, ১৯৬০ সালের ৬ জুলাই কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকার ৫ দশমিক ৭৫ একর জায়গা নিয়ে কুমিল্লা মহিলা কলেজ প্রতিষ্ঠা হয়। ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি ওই কলেজ জাতীয়করণ হয়। এরপর থেকে কলেজের নাম হয় কুমিল্লা সরকারি মহিলা কলেজ। একসময় এ কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভালো ফল করত। কালক্রমে এতে কিছুটা ভাটা পড়েছে। এখন এ কলেজে শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটের পাশাপাশি অবকাঠামোগত ও আবাসন সমস্যা রয়েছে।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কলেজে তিন তলাবিশিষ্ট ৩টি একাডেমিক ভবনে ২১টি শ্রেণিকক্ষ রয়েছে। শ্রেণিকক্ষ-সংকটের কারণে বহু শিক্ষার্থীকে ক্লাসের বাইরে এসে করিডরে দাঁড়িয়ে পাঠদান নিতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গত বছর প্রশাসনিক ভবনের পেছনে বাঁশ ও টিন দিয়ে একটি শেড বানানো হয়েছে। সেখানে কিছু শিক্ষার্থীর পাঠদান চলে।
কাহিল অবস্থা ব্যবসায় শিক্ষা শাখায়
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে এই কলেজে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয়। কোনো শিক্ষক ছাড়াই ওই শাখা চালু করা হয়। ২০১৩ সালের ১১ নভেম্বর হিসাববিজ্ঞান বিষয়ে মো. আজহারুল ইসলাম নামের একজন সহযোগী অধ্যাপক সংযুক্ত পদে যোগদান করেন। এর বাইরে ব্যবসায় নীতি ও প্রয়োগ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং আবশ্যিক বিষয়ে কোনো শিক্ষক নেই। তার ওপর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়। এতে ৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়। পুরো কলেজেই ব্যবসায় শিক্ষা শাখায় মাত্র একজন শিক্ষক রয়েছেন।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান ও মনোবিজ্ঞান বিষয় খোলা হয়। কিন্তু কোনো শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। ওই চার বিষয় নিয়ে ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। এই কলেজে শিক্ষকের ৫৭টি পদ রয়েছে। বর্তমানে কর্মরত ৫৫ জন। বাংলা ও ইংরেজি বিষয়ে একজন করে শিক্ষকের পদ শূন্য। খণ্ডকালীন শিক্ষক এনে জোড়াতালি দিয়ে কোনো রকমে টেনেটুনে পাঠদান চলছে। কর্মচারীদের ৩৩টি পদের মধ্যে ২১টিই শূন্য। লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদ শূন্য।
কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন বলেন, ‘খণ্ডকালীন কর্মচারী দিয়ে চলছে প্রশাসনিক ও বিভাগের কার্যক্রম। কর্মচারীরা যাঁরা অবসরে যান, তাঁদের শূন্য পদগুলো সহসা পূরণ হচ্ছে না।’
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘মাসখানেক আগে আমি এই কলেজে যোগদান করি। যোগদানের পর জানলাম ও দেখলাম নতুন বিষয়গুলোতে শিক্ষকের সংকট, অবকাঠামো সমস্যা। এসব সমস্যা দূর করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে। তা ছাড়া জনবল-সংকটের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে। ৫৭ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।’