বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না সরকার: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রের কণ্ঠরোধ সম্পর্কে প্রকাশিত খবর বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জেলা প্রশাসকেরা পত্রিকার ডিক্লারেশন দেন বলে তাঁরা এটা বাতিলের ক্ষমতা চেয়েছেন। কিন্তু সরকার এই মুহূর্তে বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে গণমাধ্যম পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘সংবাদপত্রের কণ্ঠরোধ—তথ্য মন্ত্রণালয়ই আইন সংশোধনের উদ্যোক্তা’ শিরোনামে গত বুধবার প্রথম আলোয় খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
তথ্যমন্ত্রী বলেন, প্রায় ৪০ বছর আগে প্রণীত ১৯৭৩ সালের দ্য প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস আইনটি যুগোপযোগী করা হবে। এটা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। এখানে গোপন বলে কিছু নেই। এ দেশে গোপন কাজ করে জঙ্গিবাদী ও সন্ত্রাসীরা। তাই আইনটি নিয়ে বিভ্রান্ত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
সাংবাদিকেরা জানতে চান, ২০১৩ সালের মাঝামাঝি থেকে ২০১৪ সালের মাঝামাঝি পর্যন্ত সময়ে পত্রিকার প্রকাশনা বন্ধের ক্ষমতা চেয়ে জেলা প্রশাসকদের প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তথ্য মন্ত্রণালয়ে আসা, তথ্য মন্ত্রণালয়ের কমিটি গঠন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে খসড়া তৈরি এবং তা নিয়ে পর্যালোচনার পরও বিষয়টি জানাজানি না হওয়ার বিষয়টি কি গোপনীয় নয়? এ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি না আসা পর্যন্ত তা সবার জানার কথা নয়।
সম্মেলনে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কোনো সাংবাদিক ইউনিয়ন বা সাংবাদিক নেতারা কি আইনটি সংশোধন বা যুগোপযোগী করার প্রস্তাব দিয়েছেন? জবাবে মন্ত্রী বলেন, কেউ দাবি না করলেও চার দশক আগে করা ওই আইনে বিভিন্ন ফি, সম্পাদকের শিক্ষাগত যোগ্যতা, প্রকাশকের উত্তরাধিকারসহ এমন এমন কিছু বিষয় আছে, যেগুলো যুগোপযোগী করা প্রয়োজন। এ সময় একজন সাংবাদিক বলেন, আইনের অন্যান্য সংশোধনী নিয়ে প্রশ্ন না থাকলেও রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে পত্রিকার প্রকাশনা বাতিলের ধারাটি নিয়ে সাংবাদিকেরা উদ্বিগ্ন। একজন সাংবাদিক বলেন, ‘পঁচাত্তরে আপনার দল জাসদের পত্রিকা বলে পরিচিত গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয় এই অভিযোগ তুলে। আপনিও তো ভুক্তভোগী। আপনি এই চেয়ারে থাকা অবস্থায় আমাদের এমন ঝুঁকির মধ্যে পড়তে হবে, এটা ভেবে আমরা শঙ্কিত।’ এ সময় মন্ত্রী কিছুটা বিব্রত হন।
সচিবালয়ে গত মঙ্গলবার এক সভায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, ‘আপনাদের জন্য এমন আইন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আপনাদের স্বাধীনতাই থাকবে না।’ সমাজকল্যাণমন্ত্রীর এ হুমকির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা আমার একজন সহকর্মীর মন্তব্য, সরকারের নয়।’
ইনু বলেন, ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার পর ছয় শতাধিক ডিক্লারেশন দিয়েছেন জেলা প্রশাসকেরা। এ সরকারের আমলে ৩১টি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ২৪টি এফএম এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে। কারণ, সরকার অবাধ তথ্যে বিশ্বাসী। শুধু বিশ্বাসী নয়, কর্মেও তার প্রতিফলন ঘটাতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী আইনটি যুগোপযোগী করার প্রক্রিয়া তুলে ধরে বলেন, ২০১৩ সালে জেলা প্রশাসক সম্মেলনে রাষ্ট্রদ্রোহ ও ধর্মবিরোধিতার অভিযোগে পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা চান প্রশাসকেরা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয়ে আসে। গত জানুয়ারিতে মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি কমিটি গঠন করে। ওই কমিটি আইনটি যুগোপযোগী করার জন্য গত ২৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে (ডিএফপি) দায়িত্ব দেয়। ১৮ মার্চ ডিএফপি বাংলায় একটি পূর্ণাঙ্গ খসড়া তৈরি করে পাঠায়। ২৮ এপ্রিল কমিটি খসড়াটি আবার ডিএফপির কাছে ফেরত পাঠিয়ে নতুন আইন প্রণয়ন না করে পুরোনো আইনটি ইংরেজিতে যুগোপযোগী করতে বলে। তথ্যমন্ত্রী বলেন, ডিএফপির প্রস্তাবগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। তাই যুগোপযোগী করার প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। এর খসড়া চূড়ান্ত হলে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে তা ওয়েবসাইটে দেওয়া হবে।