বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়টি আদালতের বাইরে সমাধানের সুযোগ নেই বলে মনে করছে আওয়ামী লীগ। হাইকোর্ট এ বিষয়ে রায় দেওয়ায় ‘মানবিকভাবে’ এটি বিবেচনার অবকাশ নেই বলে গতকাল শনিবার সরকারের দুই জ্যেষ্ঠ মন্ত্রী ও দলের শীর্ষ পর্যায়ের এক নেতা মন্তব্য করেছেন।দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে খালেদার বাড়ির বিষয়টি আদালতের বাইরে সমাধান করতে গত শুক্রবার সরকারের প্রতি দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সমিতির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে সমাধান করা না হলে আইনজীবী সমাজ জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ ব্যাপারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদের বরাত দিয়ে বাসস জানায়, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়টি ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে বিবেচনার সুযোগ নেই। আইনমন্ত্রী বলেন, আইনি লড়াইয়ে হারার পর খালেদা জিয়ার আইনজীবীরা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার কথা বলছেন। কিন্তু এটি করার সুযোগ সরকারের নেই।তিনি বলেন, একমাত্র কপর্দকশূন্য, যাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাঁরাই শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার সুযোগ পেতে পারেন। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ক্ষেত্রে যেটিকে আইনি পরিভাষায় বলা যেতে পারে ‘অন্যায় আবদার’। এদিকে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল গোপালগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন, খালেদার বাড়ির ফয়সালা রাজনৈতিকভাবে করার সুযোগ নেই। আদালতেই এর ফয়সালা হবে। হাইকোর্ট ইতিমধ্যেই এ বিষয়ে রায় দিয়েছেন। তিনি জেলার মুকসুদপুর কেজি স্কুল মাঠে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বিমা গ্রাহকের মৃত্যু-দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এদিকে বিএনপির চেয়ারপারসনের সেনানিবাসের বাড়ি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপিই এ মামলা করেছিল। ক্যান্টনমেন্ট বোর্ড যখন ক্যান্টনমেন্ট থেকে বাড়ি সরানোর সিদ্ধান্ত নিয়েছিল, তখন বিএনপিই আদালতে গিয়েছিল।তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘আদালত যখন স্থগিতাদেশ দিলেন, তখন আপনারা স্বস্তি প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। আজকে যখন হাইকোর্ট যুক্তিসংগতভাবে ওই বাড়ি খালি করার নির্দেশ দিয়েছেন, তখনই হাইকোর্টের রায়ের প্রতি আপনাদের আস্থা নষ্ট হয়ে গেছে। এ ধরনের ঘটনায় আদালতের চরম অবমাননা হয়েছে বলে আমি মনে করি।’বাড়ি ছাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া যে রিট করেছিলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৩ অক্টোবর তা খারিজ করে দেন।