বিসমিল্লাহ কেলেঙ্কারিতে মার্কেন্টাইল ও এশিয়ার এমডিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়ার দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ বুধবার মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক) এহসানুল হক এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (প্রাইম ব্যাংকের সাবেক এসইভিপি) মেহমুদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুর আলম।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, তদন্ত পর্যায়ের এই জিজ্ঞাসাবাদে ঘটনার সময় ঋণ জালিয়াতির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিসমিল্লাহ গ্রুপের আত্মসাত্ করা মোট অর্থের পরিমাণ এক হাজার ১৭৪ কোটি টাকা। এর মধ্যে ফান্ডেড টাকার পরিমাণ ৯৯০ কোটি আর নন-ফান্ডেড টাকার পরিমাণ ১৮৪ কোটি টাকা।

দুদক সূত্র আরও জানায়, গত জানুয়ারি মাসে বিভিন্ন ব্যাংক থেকে নথিপত্র জব্দ করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়া হয়। এদের মধ্যে প্রাইম ব্যাংক দুদকের চাহিদা অনুযায়ী কিছু নথিপত্র দুদকে পাঠিয়েছে।

আর্থিক কেলেঙ্কারির ঘটনায় গত বছরের ৩ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় নয়টি, রমনা থানায় দুটি এবং নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামিদের তালিকায় বিসমিল্লাহ গ্রুপের ১৩ এবং পাঁচটি ব্যাংকের ৪১ জন রয়েছেন। ব্যাংকের আসামিদের মধ্যে জনতা ভবন করপোরেট শাখায় সাতজন, মগবাজার শাখায় তিনজন এবং এলিফ্যান্ট রোড শাখায় দুজন কর্মকর্তা আছেন। এ ছাড়া প্রাইম ব্যাংকের নয়জন, প্রিমিয়ার ব্যাংকের সাতজন, যমুনা ব্যাংকের পাঁচজন এবং শাহজালাল ইসলামী ব্যাংকের আট জন আসামি হয়েছেন।

তবে ১২ মামলার সব কটিতেই মূল আসামি বিসমিল্লাহ গ্রুপের পরিচালক খাজা সোলেমান চৌধুরী ও তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাবিব এখন দুবাইয়ে এবং গ্রুপের মহাব্যবস্থাপক (হিসাব) আবুল হোসেন চৌধুরী ও পরিচালক খন্দকার মো মইনুদ্দিন আশরাফ জার্মানিতে অবস্থান করছেন। আর প্রাইম ব্যাংকের বিরুদ্ধে করা মামলার আসামি যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও প্রাইম ব্যাংক মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনকে গত ২০ জানুয়ারি গ্রেপ্তার করে দুদক।