বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার একজন
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলার আসামি গোলাম মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বেলা একটায় রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম তাঁকে গ্রেপ্তার করেন। বিকেলে তাঁকে রমনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে ভুয়া ও অস্তিত্বহীন বে-ইয়ার্ন নামের একটি প্রতিষ্ঠানের কাগজ দেখিয়ে প্রাইম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা থেকে ব্যাংক টু ব্যাংক এলসির বিপরীতে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তিনি কোনো রকম পণ্য সরবরাহ না করেই ব্যাংক থেকে ওই অর্থ আত্মসাৎ করেন। মহিউদ্দিনের বিরুদ্ধে ২০১৩ সালের ৩ নভেম্বর মতিঝিল থানায় চারটি মামলা দায়ের করে দুদক।