শাহজালাল ইসলামী ব্যাংকের ১১০ কোটি টাকা আত্মসাতের মামলা
বিসমিল্লাহ গ্রুপের এমডিসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ১১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিবসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের সূত্র বলেছে, অভিযোগপত্রে টেরিটাওয়েল (তোয়ালেজাতীয় পণ্য) উৎপাদক প্রতিষ্ঠান বিসমিল্লাহ গ্রুপের নয়জন এবং শাহজালাল ইসলামী ব্যাংকের চারজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বাকি একজন আসামি হলেন নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তার হোসেন।
এমডি ও চেয়ারম্যান ছাড়া বিসমিল্লাহ গ্রুপের অন্য সাতজন হলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও খাজা সোলেমানের মা সারোয়ার জাহান, গ্রুপের পরিচালক আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান ও খন্দকার মো. মইনুদ্দিন ইশহাক, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী ও ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ।
শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা হলেন ইস্কাটন শাখার সাবেক ব্যবস্থাপক মো. আসলামুল হক, সাবেক উপব্যবস্থাপক এ এস এম হাসানুল কবীর, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. শহিদুল ইসলাম, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মান্নাতুল মাওলা।
অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজনকে বাদ দিয়ে নতুন করে চারজনকে আসামি করা হয়েছে। মারা যাওয়ার কারণে বিসমিল্লাহ গ্রুপের পরিচালক ও খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরীকে এবং অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় টি ডব্লিউ এক্সপ্রেসের মালিক মো. মঈন উদ্দিনকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে আসামি করা হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের এ এস এম হাসানুল কবীর, মো. শহিদুল ইসলাম, মান্নাতুল মাওলা ও বিসমিল্লাহ গ্রুপের রিয়াজউদ্দিন আহম্মেদকে।
২০১৩ সালের ২৯ মার্চ শাহজালাল ইসলামী ব্যাংকের ইস্কাটন শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. নকিবুল ইসলাম বাদী হয়ে খাজা সোলেমান চৌধুরীসহ ১২ জনকে আসামি করে এ ব্যাপারে রমনা থানায় মামলা করেন। মামলাটি পরে তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি তদন্ত করেন।
বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ৩ নভেম্বর মতিঝিল ও রমনা মডেল থানায় বিসমিল্লাহ গ্রুপের এমডি ও ১৩ জন কর্মকর্তাসহ ৫৩ জনের বিরুদ্ধে ১২টি মামলা করে দুদক। এর মধ্যে কয়েকটি মামলায় খাজা সোলেমান চৌধুরী ও তাঁর স্ত্রী নওরীন হাবিব ছাড়াও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক।