বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতির মামলা পুনরায় তদন্তের নির্দেশ
বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতির দুটি মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান এ আদেশ দেন।
ওই আদালতের পেশকার মো. রফিক প্রথম আলোকে বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলার তদন্ত যথাযথ না হওয়ায় আদালত মামলা দুটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২ মে এ দুটি মামলার সম্পূরক বা অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা দুটি পরিচালনাকারী দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আজ মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আদালত মামলা দুটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, বিভাগীয় বিশেষ মামলা ২০/ ২০১৫-এ মোট আসামি নয়জন। এঁদের মধ্যে খাজা সোলায়মান আনোয়ার চৌধুরীসহ আটজনই পলাতক। অপর বিশেষ মামলা নম্বর ২৩/ ২০১৫-এ মামলায় মোট আসামির সংখ্যা নয়জন। এ মামলার প্রধান আসামি খাজা সোলায়মান আনোয়ার চৌধুরীসহ আটজন পলাতক।
২৩/ ২০১৫ এই মামলায় আসামিদের বিরুদ্ধে ১৮১ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২১৪ টাকা ২১ পয়সা ব্যাংক থেকে হাতিয়ে নিয়ে বা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
২০/ ২০১৫-এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৬৪ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ৮২৭ টাকা ৯৯ পয়সা ব্যাংক থেকে হাতিয়ে নিয়ে তা পাচার করার অভিযোগ আনা হয়েছে।
এই আসামিদের মধ্যে রিয়াজ উদ্দিন আহমদ নামের এক আসামি বিসমিল্লাহ ট্রাভেলস গ্রুপের ব্যবস্থাপক। তিনি এ দুটি মামলার আসামি।