বিসমিল্লাহ দুর্নীতির ঘটনায় যমুনা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় এবার যমুনা ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক সৈয়দ ইকবালের সই করা নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

যাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে, তাঁরা হলেন: যমুনা ব্যাংকের মনিটরিং ভিজিল্যান্স ডিভিশনের এসএভিপি এ কে এম রশিদুজ্জামান, সিএডি প্রধান কার্যালয়ের ইভিপি মোখলেসুর রহমান, করপোরেট ডিভিশনের এসইভিপি সামসুল আরেফিন, ক্রেডিট ডিভিশন আরএমজি শাখার এসইভিপি মো. হাবিবুর রহমান এবং আরএমজি শাখার এসএভিপি মাজহারুল হক।

তাঁদের ১৯ মে সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে দুদকের নোটিশে।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে। ইতিমধ্যে দুদকের অনুসন্ধান দল বিভিন্ন ব্যাংকের ৫০ জনের বেশি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

বিসমিল্লাহ গ্রুপের এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিচালক তৌফিকুল ইসলাম, গুলশান আনোয়ার প্রধান, উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ ও মো. আল আমিন।