বিসমিল্লাহ বাদ না দেওয়ার দাবি এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন করা হলেও রাষ্ট্রধর্ম ইসলাম এবং ‘বিসমিল্লাহ’ কোনোভাবেই বাদ না দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বৃহস্পতিবার বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। শিল্পপতি এইচ এন এম শফিকুর রহমানের নেতৃত্বে চৌদ্দগ্রামের দুই শতাধিক ব্যক্তি এ অনুষ্ঠানে জাতীয় পার্টিতে যোগ দেন। ‘সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিলে জনমনে ক্ষোভের সৃষ্টি হতে পারে’—মন্তব্য করে এরশাদ বলেন, ‘আমি নিশ্চিত বলতে পারি, প্রধানমন্ত্রী এমন কিছু করবেন না যাতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মনে আঘাত লাগে।’ উল্লেখ্য, এরশাদের শাসনামলে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছিল, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিভিন্ন মহল থেকে সমালোচিত হয়েছে।জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে যোগদান সভায় আরও বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ও মহাসচিব রুহল আমিন হাওলাদার। বিজ্ঞপ্তি।