টেরিটাওয়েল (তোয়ালে-জাতীয় পণ্য) উৎপাদক বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানে বিসমিল্লাহ গ্রুপসহ তিন প্রতিষ্ঠানের ১২ কর্মকর্তাকে তলব করে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার এ বিষয়ে অনুসন্ধান দলের প্রধান ও দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশ ওই সব কর্মকর্তার বাড়ি ও বাসার ঠিকানায় পাঠানো হয়। যাঁদের নামে নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আকতার হোসেন, টি ডব্লিউ এক্সপ্রেস ও ফরিদপুর শিপিং লাইনের মালিক মো. মাইনুদ্দিন, বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান নওরিন হাসিব, ছয় পরিচালক আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান, সারওয়ার জাহান, খন্দকার মো. মঈনউদ্দিন ইসহাক, সফিকুল আনোয়ার চৌধুরী ও মো. মাইনুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুত্তাকী এবং সিনিয়র ম্যানেজার (হিসাব) মো. আবুল হোসেন চৌধুরী। অভিযোগ রয়েছে, দেশের পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিচালক বা প্রতিষ্ঠানের মালিকেরা পলাতক রয়েছেন।