বিসর্জনে বিদায় মা দুর্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হলো শারদীয় দুর্গোৎসব। ছবিটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে তোলা: প্রথম আলো
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হলো শারদীয় দুর্গোৎসব। ছবিটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে তোলা: প্রথম আলো

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শনিবার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বিকেলে বিশাল বিজয়া শোভাযাত্রা রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে দেবী দুর্গার প্রতিমার বিসর্জন দেওয়া হয়।
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, গতকাল সকাল সাতটায় বিজয়া দশমী পূজা শুরু হয়। পরে হয় সিঁদুরদান পর্ব।
জাতীয় পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। বিকেল পৌনে চারটার দিকে সেখান থেকে ৭৩টি ট্রাকসহকারে বের হয় শোভাযাত্রা। এর আগে বেলা দুইটা থেকে ঢাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা নিয়ে আয়োজক, নেতৃবৃন্দ ও পূজার্থীরা ঢাকেশ্বরী মন্দির এলাকায় জড়ো হতে থাকেন। পরে শোভাযাত্রা বের হয়ে গুলিস্তান, নবাবপুর রোড, জনসন রোড, বাহাদুর শাহ পার্ক হয়ে ওয়াইজঘাটে যায়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিপুলসংখ্যক মানুষ শোভাযাত্রা উপভোগ করে। বিশেষ করে নবাবপুর রোড এলাকার মানুষ শোভাযাত্রায় অংশও নেয়।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রথম আলোকে বলেন, এ থেকে এটাই প্রমাণিত হয়, বিজয়া শোভাযাত্রা এখন শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বৃহত্তর জনগোষ্ঠীরও উপভোগ করার মতো। পয়লা বৈশাখের শোভাযাত্রার মতোই আনন্দ ভাগাভাগি করে নেয় তারা।
গতকাল সন্ধ্যায় শুরু হয় মায়ের প্রতিমার বিসর্জন পর্ব। এর আগে পূজার্থীদের নাচে-গানে মুখরিত ছিল ওয়াইজঘাট এলাকা। ঢাকেশ্বরী পূজামণ্ডপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মণ্ডপ, কলাবাগান মণ্ডপ, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ ৪৩টির মতো মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় গতকাল রাত সোয়া নয়টার মধ্যে। শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন এবং নৌপুলিশ সদস্যরা আন্তরিকভাবে কাজ করেছেন। প্রতিমা বিসর্জনের সময় ধ্বনিত হয় ‘দুর্গা মায় কি জয়’।
এদিকে গুলশান-বনানীর বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত বনানী মাঠের পূজামণ্ডপের প্রতিমার বিসর্জন হয় আশুলিয়ার জলাধারে। কিছু প্রতিমার বিসর্জন হয় টঙ্গীতে তুরাগ নদে।
বনানী মাঠের পূজামণ্ডপ, কে এম দাস লেনের ভোলানন্দগিরি আশ্রমের পূজামণ্ডপসহ কয়েকটি মণ্ডপে গতকাল সকালে মায়ের পায়ে সিঁদুর দান করেন সধবা নারীরা। পরে নিজেদের মধ্যে সিঁদুর খেলা করে আনন্দ করেন তাঁরা। ঢাকায় এবার ২১৮টি মণ্ডপে দুর্গাপূজা হয়।
লক্ষ্মীপূজা ৭ অক্টোবর: ৭ অক্টোবর মঙ্গলবার লক্ষ্মীপূজা। লক্ষ্মী হিন্দু সম্প্রদায়ের কাছে ‘ধন ও ঐশ্বর্যের দেবী’ বলে পরিচিত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এদিন রাজধানীসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীর পরের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবী পূজিত হন।
রাজধানীর বিভিন্ন মন্দির ছাড়াও শাঁখারীবাজার, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর, রায়েরবাজার, ওয়ারী প্রভৃতি এলাকায় পারিবারিকভাবে লক্ষ্মীপূজার আয়োজন করা হবে। হিন্দু নারীরা লক্ষ্মীপূজা উপলক্ষে উপবাসব্রত পালন করবেন। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকাও এই পূজার অন্যতম অনুষঙ্গ।