বিসর্জনে শেষ হলো শ্যামাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসর্জনের মধ্য দিয়ে গতকাল সোমবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা শেষ হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ওয়াইজঘাটসহ রাজধানীর বিভিন্ন ঘাটে ও নিজস্ব মন্দিরের জলাশয়ে শ্যামাপ্রতিমা বিসর্জন হয়।
ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে স্থাপিত মণ্ডপের প্রতিমার বিসর্জন হয় সন্ধ্যায় মূল মন্দিরের নিজস্ব পুকুরে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিমার বিসর্জনও হয় নিজস্ব পুকুরে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ওয়াইজঘাটে দেড় শ প্রতিমার বিসর্জন হয়। ওয়াইজঘাট নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক বাবুল দাসের নেতৃত্বে বিসর্জন পরিচালিত হয়।
পুরান ঢাকার প্রাচীনতম মন্দির বনগ্রাম রোডের রাধাগোবিন্দ জিঁউ ঠাকুর মন্দিরের শ্যামা মায়ের প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়।
এ ছাড়া পোস্তগোলা মহাশ্মশান, লালবাগ মহাশ্মশান, জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির, ঠাঁটারীবাজার বটতলা পঞ্চানন মন্দির, সূত্রাপুর গৌতম মন্দির, বিহারী লাল জিঁউ মন্দির, রমনা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, তাঁতীবাজার, শাঁখারীবাজারের বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।