বিসর্জনের ঢাক বাজবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুর কুর কুর বাজে ঢাক

কৈলাস যে দিল ডাক

শুরু হবে সিঁদুর খেলা

দেবীর যে আজ যাওয়ার পালা

বোধন থেকে বিসর্জন

ভালো রেখো মা সবার মন।’

আজ বিসর্জনের ঢাক বাজবে। ঢাকের বোলে রণিত হবে বিদায়ের মূর্ছনা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সোমবার শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। মহালয়ার মধ্য দিয়ে যে দেবীপক্ষের সূচনা হয়েছিল, ভক্তের জন্য অভয় বার্তা নিয়ে এসেছিলেন দুর্গতিনাশিনী, মহাশক্তির সেই দেবী দুর্গা আজ ফিরে যাচ্ছেন। তারপর আরেকটি শরতের অপেক্ষা।

আজ যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে বিসর্জনের উদ্দেশ্যে রাজধানীর পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বেলা দুইটায়। এর আগে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে পূজামণ্ডপের প্রতিমা এসে জড়ো হবে পলাশীর মোড়ে। শোভাযাত্রাটি পলাশী মোড় থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়ক দিয়ে বাহাদুর শাহ পার্ক হয়ে বুড়িগঙ্গা তীরে গিয়ে শেষ হবে। এখানেই বিসর্জন দেওয়া হবে প্রতিমা।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টিভি ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিও স্টেশনগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র। বাসস সূত্রে জানা গেছে, এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মহানবমী উদ্যাপিত

গতকাল রোববার সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে মহানবমীর পূজা ও অন্যান্য অনুষ্ঠান। রাজধানীর পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল জমজমাট। ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি দিয়েছেন। প্রসাদ নিয়েছেন। আরতিসহ অন্যান্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ঘুরেছেন মণ্ডপে মণ্ডপে। শাস্ত্রমতে, নবমী বিহিত পূজা হয় নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে। দেবী দুর্গার কাছে নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া হয়। পুরাণে বলা রয়েছে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। রোববার সকালে রাজধানীর আজিমপুর সরকারি কলোনির মিলনায়তনে গিয়ে দেখা গেল, ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়। সরকারি কর্মকর্তারা এখানে তৃতীয়বারের মতো শারদীয় পূজার আয়োজন করেছেন। মহানবমীর দিন রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয় আরতি প্রতিযোগিতা। রাজারবাগে শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে রাতে ছিল বিশেষ সংগীতানুষ্ঠান। এ ছাড়া বনানী ও কলাবাগান পূজামণ্ডপে আগের দিনগুলোর মতোই ছিল হাজার হাজার দর্শনার্থীর ভিড়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

গতকাল রোববার বিকেলে রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন মন্দির ও মঠ এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশে ধর্মীয় সম্প্রতি বজায় রাখার বিষয়ে জোর দেন।