বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিল উৎসবের আমেজ। অন্যদিকে একই সঙ্গে দেবীর বিদায়লগ্নে পূজারি-পুণ্যার্থীদের মধ্যে ছিল বিষাদের ছায়া। দুপুরে মন্দির থেকে শুরু হয় দেবী বিসর্জন যাত্রা। বিভিন্ন মণ্ডপ থেকে দেবীর প্রতিমা ট্রাকে তুলে ঢাকের তালে তালে নেচে-গেয়ে বের হয় বিসর্জনযাত্রা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শহরের বিভিন্ন মণ্ডপ থেকে বের হওয়া বিসর্জনযাত্রায় অংশ নেওয়া পূজারি-পুণ্যার্থীরা নেচে-গেয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে এসব প্রতিমার বেশির ভাগই করতোয়া নদীতে বিসর্জন দেওয়া হয়। জ্বলেশ্বরীতলা, মালতিনগর, বউবাজার এলাকার পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় করতোয়া নদীর এসপি ঘাট এলাকায়। অন্যদিকে দত্তবাড়ি, চেলোপাড়া এলাকার প্রতিমা বিসর্জন দেওয়া হয় চেলোপাড়া ঘাট এলাকায়।
জয়পুরহাট: জেলার বিভিন্ন গ্রামগঞ্জের প্রতিমা বিসর্জন দেওয়া হয় ছোট যমুনা, তুলসীগঙ্গা, শ্রীনদী, হারাবতী নদী এবং দিঘি ও পুকুরগুলোতে। বিকেল থেকে জয়পুরহাট পৌর এলাকার পূজামণ্ডপের প্রতিমাগুলো ট্রাকে তুলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট যমুনা নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। জয়পুরহাট পৌরসভার তত্ত্বাবধানে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা হয়।
নওগাঁ: দুপুরের পর থেকে প্রতিমাগুলো বিসর্জন দিতে নৌকায় তোলা হয়। এ সময় নদীতে চলে শত শত নৌকার মহড়া। বিশেষ করে নওগাঁর ছোট যমুনা নদীতে বিডিআর গার্ডার ব্রিজ থেকে লিটন ব্রিজ পর্যন্ত, মহাদেবপুরে আত্রাই নদীতে কুঞ্জবন থেকে শিবপুর পর্যন্ত, মান্দার কালিতলা থেকে প্রসাদপুর পর্যন্ত নৌকার মহড়া ছিল সবচেয়ে বেশি। সন্ধ্যার পর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলার ফুলজোড় ও ইছামতী নদীতে সন্ধ্যায় একযোগে ৭৩টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার বলেন, পূজা উপলক্ষে উপজেলা সদর ধানগড়াসহ দুটি নদীর তীরের বিভিন্ন এলাকায় শারদীয় মেলার আয়োজন করা হয়েছে।
গাইবান্ধা: গতকাল শুক্রবার রাত নয়টার দিকে গাইবান্ধা শহরের নতুন ব্রিজ রোডের ঘাঘট নদে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে হিন্দু সম্প্রদায়ের লোকজন ট্রাকে করে দেবীর প্রতিমা নিয়ে শহরে শোভাযাত্রা করেন। এ বছর গাইবান্ধার সাতটি উপজেলার ৫৫৭টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গাইবান্ধা পৌর এলাকায় ১৯টি।