বিসিআইএম অর্থনৈতিক করিডোরে সম্পর্ক জোরদার হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার (বিসিআইএম-ইসি) অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ ও চীনের জনগণ আরও ঘনিষ্ঠ হবে। এ ছাড়া এই করিডোর দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা সম্প্র্রসারণে সহায়ক হবে। খবর বাসসের।
আজ শুক্রবার চীনের কুনমিং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এটি প্রতিবেশী সব দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও সার্বিক বন্ধন জোরদার করবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মো. জামিল আহমেদ, লাওসের ভাইস প্রাইম মিনিস্টার সোমসাভেট লেংসাভাদ, শ্রীলঙ্কার ডেপুটি স্পিকার চন্দ্রিমা ভিরাক্কুদি ও সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা।
ছয় দিনের সরকারি সফরে আজ চীনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় ১১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় নয়টা ২৫ মিনিট) কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আজিজুল হক ও ইউনান প্রদেশের ভাইস গভর্নর মিম লি জিহেং। এ সময় প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে তিনি চীন সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ জুন বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার পর তিনি লি কেকিয়াংয়ের সঙ্গে একটি যৌথ ইশতেহারে সই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সম্মানে গ্রেট হল অব পিপলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এ ছাড়া শেখ হাসিনা লি কেকিয়াং আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।
সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী কুনমিংয়ে থাকবেন এবং এখান থেকে রোববার চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।