বিসিআইএম করিডর নিয়ে সমীক্ষা চালাবে চার দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মিয়ানমারকে সঙ্গে নিয়ে একটি অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠায় যৌথ সমীক্ষা চালাতে সম্মত হয়েছে ভারত ও মিয়ানমার। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারের (বিসিআইএম) সরকারি পর্যায়ের প্রথম বৈঠকে এই মতৈক্য হয়েছে।
চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠিত যৌথ সমীক্ষা দলের বৈঠকে ১৮ ও ১৯ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেইজিং থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, করিডর প্রতিষ্ঠার দীর্ঘদিনের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে চার দেশের মধ্যে প্রথমবারের মতো সরকারি পর্যায়ের এ বৈঠকে সময়সূচিভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে দ্রুত এ অঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন চার দেশের কর্মকর্তারা।
বৈঠক সূত্রে জানা গেছে, বিসিআইএম প্রক্রিয়ায় পারস্পরিক আস্থা, শ্রদ্ধা, ন্যায্য অংশীদারি ও পারস্পরিক স্বার্থের মূলনীতির ভিত্তিতে করিডর প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হবে। এ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে চার দেশ বাস্তবসম্মত ও সহজে বাস্তবায়নযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক চিহ্নিত করবে।
চার দেশের সরকারি কর্ম-কর্তাদের পরবর্তী বৈঠক আগামী বছরের জুনে ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের আগে প্রতিটি দেশ নির্দিষ্ট প্রকল্প ও এর অর্থায়নের প্রস্তাব উপস্থাপন করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, যৌথ সমীক্ষার আওতায় আগামী ছয় থেকে নয় মাসের মাথায় নির্দিষ্টভাবে খাতওয়ারি কাজ শুরু হবে। এ বছরের শেষে ভারতে তৃতীয় দফা বৈঠকের আগে চারটি দেশ আন্তদেশীয় সহযোগিতা চুক্তির কাঠামো চূড়ান্ত করবে। ওই কাঠামোতে অর্থায়ন প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট সব বিষয় অন্তর্ভুক্ত করা হবে, যাতে করিডরের কাজ শুরু করা যায়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, কুনমিংয়ের বৈঠকে চারটি দেশের পক্ষে সড়ক, রেল, নৌ ও আকাশপথে বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা এবং জ্বালানি ও টেলিযোগাযোগ খাতে যৌথ বিনিয়োগের প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা ও বেইজিংয়ের কর্মকর্তারা জানান, সাংহাই ও চেংদুর পর কুনমিংকে অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে চীন। ইতিমধ্যে এ প্রক্রিয়া বাস্তবায়নে সিঙ্গাপুরের সঙ্গে রেল যোগাযোগ ও কলকাতার সঙ্গে বহুমাত্রিক যোগাযোগ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে কুনমিংয়ে। তাই দেশটি বিসিআইএমকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতুবন্ধ হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।
এদিকে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার লক্ষ্যে চীনের ইউনান প্রদেশের গভর্নরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২৬ ডিসেম্বর ঢাকায় আসছে। জানা গেছে, প্রায় ১৪ বছর চার দেশের সরকার বিসিআইএম প্রক্রিয়ায় নেতৃত্বে এলেও বেসরকারি খাতকে বিভিন্ন স্তরে যুক্ত রাখা হবে। চার দেশের বণিকদের সংগঠনগুলোকে এ প্রক্রিয়ায় যুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।
দিল্লি ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত মে মাসে চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াংয়ের দিল্লি সফর এবং অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বেইজিং সফরের মাধ্যমে বিসিআইএম প্রকল্প বাস্তবায়নে সরকারের যুক্ত হওয়ার প্রক্রিয়াটি জোরদার হয়।