বিসিআইসির অন্তর্ভুক্ত করে খুলনার দাদা ম্যাচ কারখানা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) অন্তর্ভুক্ত করে খুলনার দাদা ম্যাচ কারখানা চালুর দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার কারখানার সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা এ দাবি জানান। সভায় বক্তারা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার প্রায় দুই মাস হয়ে গেলেও মালিকপক্ষ শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ নেয়নি। এ ছাড়া প্রধানমন্ত্রী বিসিআইসির অধীন কারখানাটি চালু করার নির্দেশ দিলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ কারণে শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৪ সালে স্বেচ্ছা অবসরে যাওয়া অনেক শ্রমিকের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। ওই সময় কারখানার প্রকৌশল শাখার প্রধান মেকানিক মো. জাহাঙ্গীরও অবসর নেন। এখনো তাঁর পাওনা বকেয়া রয়েছে। দীর্ঘদিন রোগভোগের পর গত মঙ্গলবার তিনি মারা যান। শ্রমিক সমাবেশে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।সমাবেশে ইউনিয়নের সভাপতি দিলখোশ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ হোসেন, শ্রমিক ফেডারেশনের নেতা ফারুক-উল-ইসলাম, ইলিয়াস হোসেন, সৈয়দ শামছুর রহমান প্রমুখ।