ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে এ কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যানসহ ১১ জনকে।
ওই অনিয়ম ও দুর্নীতির কারণে নিয়োগ না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ব্যক্তিদের পক্ষে পোর্টার পদে চাকরিপ্রার্থী আশুগঞ্জের ইকবাল হোসেন ও অগ্নিনির্বাপক পদের চাকরিপ্রার্থী ইয়াদ হোসেন মামলাটি করেন। মামলার ওপর আগামী ১৯ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলায় অভিযুক্ত কর্মকর্তারা হলেন আশুগঞ্জ সার কারখানার এমডি সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন, বিসিআইসির চেয়ারম্যান মনসুর আলী সিকদার, পরিচালক (অর্থ) কাজী রওশন আক্তার, পরিচালক (কারিগরি ও প্রকৌশল) মঞ্জুর আহমেদ চরকদার, চিফ অব পার্সোনেল তপন কুমার দত্ত, হিসাবনিয়ন্ত্রক ফরিদ উদ্দিন আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব আল মামুন, অগ্নিনির্বাপক পদে নিয়োগপ্রাপ্ত সুমন মিয়া, পোর্টার পদে নিয়োগপ্রাপ্ত জাকির হোসেন ও মাকসুদুল হক।
সার কারখানাটির নিয়োগ-প্রক্রিয়ার অনিয়ম নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘আশুগঞ্জ সার কারখানায় নিয়োগ-বাণিজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই বিসিআইসি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) এস এম মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেনকে চলতি বছরের ৫ জুন তাৎক্ষণিক বদলির (স্ট্যান্ড রিলিজ) মাধ্যমে কর্ণফুলী পেপার মিলে যোগ দিতে বলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে ২৫টি পদে ৭১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তী সময়ে কর্মকর্তারা নিয়োগবিধি অমান্য করে ২৫টি পদে ৫৯ জনকে পছন্দের প্রার্থী নিয়োগ দেন। নিয়োগে আত্মীয়স্বজন ও আর্থিক লেনদেনকে প্রাধান্য দেওয়া হয়েছে।