বিসিআইসির সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির পঞ্চম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, সংসদীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী বিসিআইসির নিয়োগে অনিয়মের নানা তথ্য-প্রমাণ তুলে ধরে সংস্থার সচিব তপন কুমার দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। এ সময় বিসিআইসির সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকার পর শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও গতকাল বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে ওমর ফারুক চৌধুরী সাংবাদিকদের বলেন, বিসিআইসিতে বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে অনিয়মের পরিপ্রেক্ষিতে সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কারণ, নিয়োগের মৌখিক পরীক্ষায় ফল তিনবার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। একই ব্যক্তির সই করা ওই তিনটি তালিকার একটির সঙ্গে অন্যটির মিল নেই। অসৎ উদ্দেশ্যে বারবার ফল পরিবর্তন করা হয়েছে।
বৈঠকে বিসিআইসির নিয়োগে অনিয়মসহ সার্বিক কর্মকাণ্ড তদন্তে কমিটির সদস্য আবদুর রাজ্জাককে প্রধান করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা, এম এ মালেক, আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী ও ফাতেমা তুজ্জহুরা।