বিসিআইসির সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল রোববার তাঁকে মালিবাগের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার সময় ইমামুজ্জামান শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ছিলেন। আর বিসিআইসির অধীনস্থ চট্টগ্রাম সার কারখানার (সিইউএফএল) জেটিতে খালাস করার সময় ১০ ট্রাক অস্ত্র আটক হয়। সিইউএফএলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কীভাবে বিপুল পরিমাণ অস্ত্র খালাস হলো, কে বা কারা সেখানে অস্ত্র খালাসের অনুমতি দিয়েছেন—এ নিয়ে ইমামুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে এ বিষয়ে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সিআইডি সূত্র জানায়। এর আগে একই বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব নুরুল আমিনকেও সিআইডি জিজ্ঞাসাবাদ করে। আরও কয়েকজন সাবেক সামরিক ও বেসামরিক আমলাকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।