বিসিএস উত্তীর্ণ প্রার্থীকে কেন শিক্ষা ক্যাডারে নিয়োগ নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ শূন্য থাকার পরও ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ এক প্রার্থীকে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রুল দেন। আদালতে রিট আবেদনকারী নাজমা আক্তারের পক্ষে শুনানি করেন আইনজীবী বদরুদ্দোজা বাদল। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান, সব সদস্য ও সচিব, জনপ্রশাসনসচিব, অর্থসচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ ২০ বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নাজমা আক্তার ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। অথচ এই বিসিএসের বিজ্ঞাপনে প্রভাষক (বাংলা) হিসেবে নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা ছিল ১২০। এর মধ্যে ৮২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৮টি পদ শূন্য থাকার পরও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি।
গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করে বলা হয়, পদ শূন্য না থাকায় বাকিদের নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বিসিএস উত্তীর্ণ একাধিক প্রার্থী প্রথম আলোকে জানিয়েছেন, এই রিটের পরিপ্রেক্ষিতে তাঁরাও আইনি লড়াইয়ে যাবেন। ৩৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ প্রার্থী থাকার পরও ৪০৪টি পদ শূন্য রাখা হয়েছে।