বিসিএস ক্যাডারভুক্ত করার দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।অতি দ্রুত এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশল ছাত্র আন্দোলন পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করে। পরে প্রশাসন ভবনের পাশে এক সমাবেশ করেন শিক্ষার্থীরা।সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ মে কৃষিবিষয়ক সংসদীয় কমিটির সভায় দেশের প্রতিটি উপজেলায় একজন কৃষি প্রকৌশলী ও একজন কৃষি অর্থনীতিবিদ নিয়োগের সুপারিশ করা হয়। কিন্তু একটি সহযোগী পেশাজীবী সংগঠনের কিছু ব্যক্তির বিরোধিতার কারণে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করছে প্রশাসন।