বিসিএস টেলিকম ক্যাডার সার্ভিস বিলুপ্তির পথে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় আর মাত্র তিন মাস। আগামী ১ জুলাইয়ের মধ্যেই বিসিএস টেলিকম ক্যাডারের ৪৫০ সদস্যকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা সরকারি চাকরি করবেন না বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) চুক্তিভিত্তিক চাকরি করবেন। এর ওপরই নির্ভর করছে বিসিএস টেলিকম ক্যাডারের অস্তিত্ব। বাংলাদেশের তড়িত্ ও ইলেকট্রনিক প্রকৌশলীদের জন্য একমাত্র ক্যাডার সার্ভিস বিসিএস টেলিযোগাযোগ। সর্বশেষ ২০০৬ সালে এই ক্যাডারে ৩০ জন প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে একটি টেলিযোগাযোগ অধ্যাদেশের মাধ্যমে বিসিএস টেলিকম ক্যাডারের কর্মকর্তাদের বিটিসিএলে দুই বছরের চাকরির বাধ্যবাধকতা রেখেছে, যা আগামী ৩০ জুন শেষ হয়ে যাবে। তবে টেলিকম ক্যাডারের সদস্যরা সরকারি সুযোগ-সুবিধাসংবলিত চাকরি ছাড়তে চাইছেন না। যদিও বিটিসিএলের নতুন অর্গানোগ্রাম অনুযায়ী সরকারি চাকরি ছেড়ে প্রত্যেককে কোম্পানি হিসাব রূপান্তরিত বিটিসিএলে যোগ দিতে হবে। আর বিসিএস টেলিকম ক্যাডারের সদস্যরা এভাবে সরকারি চাকরি ছেড়ে দিলে বিলুপ্ত হয়ে যাবে এই ক্যাডার সার্ভিসটি। বিটিসিএলের বাইরে সরকার মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটকে এ ক্যাডারের কয়েকজন সদস্য প্রেষণে কাজ করছেন এবং তাঁদের আগামী মাসেই মূল কর্মস্থলে ফিরতে হবে। বাংলাদেশ টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) ভেঙে তৈরি বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডে (বিএসসিসিএল) আছেন কয়েকজন। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কোনো ক্যাডার সার্ভিসই বিলুপ্ত হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন তিনি।’ বিসিএস টেলিকম সমিতির সাধারণ সম্পাদক এম এ তালেব জানান, আইনত কোনো ক্যাডার সার্ভিস বিলুপ্ত হতে পারে না। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে দাবি উপস্থাপিত হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। জানা গেছে, বিটিসিএলের নতুন সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রামে ইতিমধ্যেই কোম্পানির পরিচালনা পর্ষদে অনুমোদন দেওয়া হয়েছে। এতে কোম্পানির জনবল নির্ধারণ করা হয়েছে আট হাজার ৭০৩ জন। পদ ও পদবিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। বর্তমান জনবলের তুলনায় নতুন সাংগঠনিক কাঠামোতে জনবল কম রাখাতেও শ্রমিক-কর্মচারীদের সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রতিবাদ করছে। কিন্তু বিসিএস টেলিকম ক্যাডারের সদস্যরা সরকারি চাকরি ছেড়ে কেউ বিটিসিএলের বেসরকারি চাকরিতে যোগ দিতে না চাইলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। এদিকে এম এ তালেব বলেন, ‘যা করার তা আগামী ৩ মাসের মধ্যেই করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে রয়েছে। আমরা সরকারি চাকরি বা আমাদের ক্যাডার সার্ভিস ছেড়ে বিটিসিএলে যোগ দেব না।’ তিনি জানান, প্রতিবেশী দেশ ভারতেও টেলিযোগাযোগ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে যাওয়ার পর সরকারি পর্যায়ে ‘ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডট)’ নামে একটি সংস্থা গঠন করা হয়েছে। ওই সংস্থার অধীনে টেলিকম ক্যাডার সার্ভিসের সদস্যরা ভারতের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বাংলাদেশেও একই ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) উচ্চ বেতনে টেলিকম বিশেষজ্ঞ নিয়োগ করা হচ্ছে। বিসিএস টেলিকম সদস্যদের এসব কাজে প্রেষণে নিয়োগ দিয়ে কম খরচে করানো সম্ভব। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বলেন, বিটিসিএলের সাংগঠনিক কাঠামো অনুমোদনের পরও কিছু কাজ বাকি রয়েছে। বিশেষ কমিটির মাধ্যমে নিয়োগনীতি, বেতন নির্ধারণ—এসব কাজ চলছে। এখন যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী বিটিসিএলে সুপার নিউমারি পদে কাজ করছেন, তাঁদের মতামত চাওয়া হবে। ভারতের ডট-এর মতো আলাদা কোনো সংস্থা গঠনের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, সেটা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার বিষয়।