প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষার ফল প্রকাশের সাত মাস পেরিয়ে গেছে, এখনো ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি। কবে নাগাদ এই পরীক্ষা শুরু হবে, সেই প্রশ্নেরও উত্তর নেই সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাছে।
ফলে চরম দুশ্চিন্তায় আছেন প্রাথমিকভাবে উত্তীর্ণ ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে গতকাল মঙ্গলবার ২৮০ জন আদিবাসী প্রার্থীকে অন্তর্ভুক্ত করে আবার ফল প্রকাশের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
প্রতিবছরের শুরুতে নতুন বিসিএসের প্রজ্ঞাপন জারি হয়। কিন্তু এবার এখনো ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে যাঁরা বিসিএস দিয়ে সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে চান, তাঁদের দুশ্চিন্তা বা অপেক্ষার শেষ হচ্ছে না।
তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক ৯ ফেব্রুয়ারি সংসদে বলেছিলেন, শিগগিরই ৩৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর মাধ্যমে এক হাজার ৭৪৯ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ একাধিক প্রার্থী প্রথম আলোকে বলছেন, অতীতে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের মাস খানেকের মধ্যে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হতো এবং তিন থেকে চার মাসের মধ্যেই পরীক্ষা সম্পন্ন হতো। এবার সাত মাস পেরিয়ে গেছে।
দুই হাজার ৫২টি পদে নিয়োগের জন্য গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। ৮ জুলাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। তবে এই প্রথমবারের মতো প্রিলিমিনারি পর্যায়ে কোটাপদ্ধতি চালু করায় অনেক মেধাবী প্রার্থী বঞ্চিত হন। আবার অপেক্ষাকৃত কম নম্বর পেয়েও আদিবাসী ও মুক্তিযোদ্ধা কোটায় অনেকেই উত্তীর্ণ হন। এ নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এরপর প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় পিএসসি। এ প্রক্রিয়ায় মোট ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
সংশোধিত ফল প্রকাশের পর আদিবাসী ২৮০ জন প্রার্থী অভিযোগ করেন, প্রথমবার তাঁরা উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে তাঁদের নাম নেই। পিএসসিতে এ ব্যাপারে আবেদন করে প্রতিকার না পেয়ে ৫৯ জন আবেদনকারীর পক্ষে জ্যোতির্ময় বড়ুয়া গত বছরের ২৮ জুলাই হাইকোর্টে রিট করেন। এরপর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ৩১ জুলাই ২৮০ জনকে বাদ দিয়ে প্রকাশিত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না—সেই মর্মে রুল দেন এবং তাঁদের বাদ দেওয়ার কারণ জানতে চান।
পিএসসির একজন সদস্য প্রথম আলোকে জানান, বিসিএসে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা আছে। প্রথমবার প্রকাশিত ফলাফলে কোটা পূরণ করতে মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের জন্য কাট নম্বর (সর্বনিম্ন নম্বর) কমিয়ে দেওয়া হয়েছিল। সে কারণে ওই দুই কোটায় ৫৩২ জন আদিবাসী উত্তীর্ণ হন। আন্দোলনের মুখে দ্বিতীয়বার সবার জন্য এই কাট নম্বর ঠিক করা হয়। কিন্তু ওই কাট নম্বরের চেয়েও কম পাওয়ায় এই ২৮০ জন বাদ পড়ে যান। কিন্তু মোট উত্তীর্ণের সংখ্যা ১২ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার পার হয়ে যায়।
পিএসসির সূত্র জানায়, এখন যদি ওই ২৮০ জন আদিবাসীকে নিতে হয় তাহলে কাট নম্বর যে পর্যায়ে নামাতে হবে, তাতে ৮০ হাজার ২৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন।
পিএসসির একাধিক সদস্য বলেন, একেকটি বিসিএসে আড়াই হাজার পদের বিপরীতে সাধারণত নয় থেকে দশ হাজার প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া যায়। ২৮তম বিসিএসে ১১ হাজার ৭৮৭ জন, ২৯তম বিসিএসে ১১ হাজার ৩৭০ জন, ৩০তম বিসিএসে ১২ হাজার ৫৮৫ জন, ৩১তম বিসিএসে নয় হাজার ৫৫ জন এবং ৩২তম বিসিএসে নয় হাজার ২৩২ জন লিখিত পরীক্ষা দিয়েছেন। কিন্তু এবার দুই হাজার ৫২টি পদের জন্য ৪৬ হাজার ২৫০ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিতে হবে। এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়েই দুশ্চিন্তায় ছিল পিএসসি। এখন যদি ৮০ হাজার প্রার্থীর লিখিত পরীক্ষা নিতে হয়, তাহলে কীভাবে, কত দিনে তা নেওয়া যাবে এবং এত বিপুল খাতা কত দিনে দেখে ফল প্রকাশ করা যাবে, তা নিয়ে সংকটবোধ করছে পিএসসি। তবে ৪৬ হাজার ২৫০ জন প্রার্থীর সঙ্গে কেবল ২৮০ জন আদিবাসীকে নিয়ে ফল প্রকাশ করলে এই সমস্যার সমাধান সম্ভব বলে মত দিয়েছেন আরেকজন সদস্য।
জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন গতকাল প্রথম আলোকে জানান, আদালতের রায় পাওয়ায় পরই কমিশন বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন কবে হবে, জানতে চাইলে তিনি জানান, ৩৪তম বিসিএসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পদ ঠিক করা, প্রাথমিক প্রজ্ঞাপন প্রস্তুত করা, অনলাইনের প্রস্তুতি নেওয়া এসব কাজ চলছে। শিগগিরই ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন হয়ে যাবে।