বিসিএস পরীক্ষা দেওয়া হলো না ফারুকের
বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণী পাওয়ার বিষয়টি শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মতো। সে স্বপ্নও পূরণ হয়েছিল মেধাবী ছাত্র ফারুক হোসেনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে ১৯তম স্থান অর্জন করেছিলেন তিনি। একই বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। স্বপ্ন ছিল ভালো কোনো সরকারি চাকরি পেয়ে পরিবারের দারিদ্র্য দূর করা। কিন্তু তার আগেই গত সোমবার রাতে ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের নৃশংস হামলায় মৃত্যু হলো তাঁর। শিবিরের ওই হামলায় গুরুতর আহত হন ফারুকের রুমমেট ও সহপাঠী শফিউল্লাহ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি। শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ফারুক জীবনে কখনো হার মানেনি। তার পড়াশোনা দেখে বোঝাই যাচ্ছিল প্রথমবারের চেষ্টাতেই ও বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।’ফারুকের সহপাঠীরা জানান, গত ঈদুল আজহার পর ফারুক শাহ মখদুম হলে ওঠেন। এর আগে তিনি রাজশাহীর উপশহর এলাকায় তাঁর এক বন্ধুর বাসায় থাকতেন। এর আগেই হলে সিট পেয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে সংঘর্ষের কারণে পড়াশোনার ক্ষতি হতো। সে জন্য বেশির ভাগ সময়ই বন্ধুর বাসায় থাকতেন। গত ঈদের আগে তাঁর ওই বন্ধুটি বিয়ে করে আলাদা বাসায় চলে যান। বাধ্য হয়ে তখন হলে ওঠেন ফারুক। শফিউল্লাহ বলেন, ‘ফারুকের মেধা ছিল অসাধারণ। সব সময় বই নিয়ে বসে থাকত না। অল্প সময়ের মধ্যে পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে পারত।’ফারুকের ঘনিষ্ঠ সহপাঠী সাইফুল ইসলাম বলেন, ‘ফারুক খুব পরোপকারী একজন মানুষ ছিল। সে আমাকে সব ধরনের সহযোগিতা করত।’সাইফুল জানান, ফারুকের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তার পরও কখনো টাকা-পয়সা চাইলে নিজের কাছে না থাকলেও জোগাড় করে দিত। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অখিল চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষায় ফারুক প্রথম শ্রেণী পান। যেকোনো ছাত্রের জন্যই প্রথম শ্রেণী পাওয়া বড় ব্যাপার। শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ দুলালচন্দ্র রায় জানান, মৃতদেহ নিয়ে তিনি জয়পুরহাটে ফারুকের বাড়িতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘ফারুকের বাড়ি-ঘরের করুণ অবস্থা দেখে আমি অবাক হয়েছি। এ রকম একটা হতদরিদ্র পরিবারের ছেলে কতটা মেধাবী হলে প্রথম শ্রেণীতে পাস করতে পারেন।’ফারুক এসএসসি ও এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন।