শাহবাগে অবরোধ, যানজটে বিঘ্ন জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল সাড়ে ১০টার দিকে চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। ছবি: হাসান রাজা
সকাল সাড়ে ১০টার দিকে চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। ছবি: হাসান রাজা

তীব্র যানজটে আজ বুধবার সকাল থেকে রাজধানী ঢাকা প্রায় অচল হয়ে পড়ে। কয়েকটি এলাকার সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন। এতে দুর্ভোগ পোহায় যাত্রীরা। তবে বিকেলের পর সন্ধ্যার দিকে কিছু এলাকার সড়কে আটকে থাকা গাড়িগুলোর চাকা সচল হতে দেখা যায়। এখন রাজধানীতে যানজট কিছুটা কমে এসেছে। ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় শাহবাগ মোড় অবরোধ করেন কয়েক শ চাকরিপ্রার্থী। এতে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর বিরূপ প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য এলাকার সড়কেও। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ মোড় বন্ধ থাকায় সকাল থেকে রূপসী বাংলা হোটেল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। বিকেলের দিকে ফার্মগেট পর্যন্ত যানজট দেখা যায়। তবে সন্ধ্যার দিকে রাজধানীতে যানজট কমে আসে। তবে যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে। দুপুরের দিকে ভুক্তভোগী যাত্রী সোহেল মিজির ভাষ্য, মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার আসতে তাঁর দেড় ঘণ্টা লেগেছে। মিরপুর থেকে শাহবাগের দিকে আসা যাত্রী কৌশিক চাকমা জানান, যানজটের কারণে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার মীর রেজাউল করিম প্রথম আলো ডটকমকে জানান, শাহবাগে অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট রাজধানীর অন্যান্য সড়কেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে গাড়িগুলো অন্য পথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অবরোধ উঠে গেলে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।