বিসিএস পরীক্ষায় খাতাবিভ্রাট
রাজশাহীতে গত সোমবার অনুষ্ঠিত ৩২তম বিসিএস পরীক্ষার খাতা নিয়ে বিভ্রাট সৃষ্টি হওয়ায় পরীক্ষা ১৫ মিনিট বিলম্বিত হয়েছে।পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কলেজ কেন্দ্রে এবার এক হাজার ৩০০ পরীক্ষার্থী বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেন। এই পরীক্ষায় যে খাতা দেওয়া হয়েছে, তা বিসিএস পরীক্ষার জন্য তৈরি করা নয়। এই খাতা সরকারি কর্মকমিশন (পিএসসি) পদোন্নতি পরীক্ষায় ব্যবহার করে। এতে পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লেখার জায়গা রয়েছে। সোমবারের পরীক্ষায় দেওয়া ওই খাতার ওপরে শুধু অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) শিট লাগিয়ে দেওয়া হয়েছে।সোমবার পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীরা যথারীতি নাম ও রোল নম্বরের জায়গা পূরণ করেন। পাশাপাশি পরীক্ষার্থীরা ওএমআর শিটও পূরণ করেছেন। পরীক্ষা কিছুক্ষণ চলার পরে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। বিষয়টি পরীক্ষা কমিটিকে জানানো হয়। কমিটি পিএসসির সঙ্গে আলাপ করে খাতা থেকে নাম ও রোল নম্বর-সংবলিত পাতাটি ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত দেয়। এতে প্রায় ১৫ মিনিট পরীক্ষা বন্ধ ছিল।এ ব্যাপারে কেন্দ্র সচিব ও রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, খাতার ওই পাতা ছেঁড়ার জন্য পরীক্ষার্থীদের ১০ মিনিট সময় নষ্ট হয়েছে। পরীক্ষার্থীদের ওই সময়টুকু বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে পিএসসি রাজশাহীর সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।