বিসিএস প্রশাসন সমিতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সরকারের প্রভাবশালী আমলাদের একটি সংগঠন এক মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটা দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর বড় মগবাজার এলাকায় ২৯ শতক জমিসহ একটি বাড়ি দখল করে সেখানে বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করছে। মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সন্তানেরা গত রোববার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার বড় ছেলে শামসুল হক লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি উচ্চ আদালতের রায় মেনে তাঁদের সম্পত্তি দ্রুত দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান। শামসুল হক বলেন, ঢাকা জেলা প্রশাসন ওই জমিটি হুকুমদখল করে সরকারের উচ্চ বেতনভুক্ত আমলাদের ব্যক্তিগত স্বার্থমূলক প্রকল্পে বরাদ্দ দেওয়াকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছেন উচ্চ আদালত। এমনকি ওই জমি দখলমুক্ত করে মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের পরিবারকে বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বসতভিটা থেকে উচ্ছেদ হয়ে তাঁদের পরিবারের সাত সদস্য স্ত্রী-সন্তান নিয়ে উদ্বাস্তুর মতো জীবন যাপন করছেন। হাইকোর্ট আদেশে ওই মুক্তিযোদ্ধা পরিবারটিকে জমিটির প্রকৃত মালিক হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসনের হুকুমদখলকে অবৈধ বলে মত দিয়েছেন। সেই সঙ্গে বিসিএস বহুমুখী সমবায় সমিতিকে জমির মালিক ওই মুক্তিযোদ্ধা পরিবারের মামলা পরিচালনার খরচ হিসেবে ৫০ হাজার টাকা পরিশোধের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা জেলা প্রশাসন ও বিসিএস প্রশাসন বহুমুখী সমিতি—উভয়েই আদালতের ওই আদেশ পালন করেনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বড় মগবাজার মৌজার আরএস খতিয়ান নম্বর ১১৫০ ও দাগ ৩৩৩২ নম্বরের জমিতে ভবন নির্মাণের কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যাতে নকশা অনুমোদন না করে, সেই অনুরোধ করা হয়েছিল। কিন্তু রাজউক থেকে নকশা অনুমোদন নিয়ে সেখানে ভবন নির্মাণ করা হচ্ছে। আনসার বাহিনীর সদস্যরা সেখানে পাহারা দিচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, মুক্তিযোদ্ধা সিরাজুল হক ১৯৭৩ সালে মূল মালিক ধীরেন্দ্রনাথ রায়ের কাছ থেকে ওই জমিটি কেনেন। ওই জমি ভোগদখল করে ৩৫ বছর ধরে তাঁরা খাজনা পরিশোধ করছেন। ২০০৮ সালে সিরাজুল হকের মৃত্যুর পর ওই বাড়ির নাম জারি করতে গিয়ে তাঁরা দেখতে পান, দাগ নম্বরে ভুল থাকায় ওই বাড়ি ও জমি অর্পিত সম্পত্তির তালিকায় উঠেছে। রেকর্ড সংশোধনের জন্য তাঁরা ঢাকা জেলা জজ আদালতে মামলা করেন। আদালত জমিতে ভোগদখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য ঢাকা জেলা প্রশাসকের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে জেলা প্রশাসক ওই জমি বিসিএস প্রশাসন বহুমুখী সমবায় সমিতির নামে হুকুমদখল করেন। এর পরপরই বিসিএস প্রশাসন বহুমুখী সমিতির সদস্যরা বাড়ির মালিক সিরাজুল হকের সন্তানদের উচ্ছেদ করার জন্য নোটিশ দেন।