বিসিএস শিক্ষা ক্যাডারে পদ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ সৃষ্টি করে সরকারি কলেজগুলোর জনবলের ঘাটতি পূরণের দাবি জানিয়েছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অলিউল্লাহ মো. আজমতগীর ও মহাসচিব শাহেদুল খবির চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই দাবিসহ বেশ কিছু দাবি জানিয়েছেন।

সাক্ষাতে সমিতির নেতারা বলেছেন, অনেক কলেজ সরকারি হলেও দীর্ঘদিন ধরে পদ সৃষ্টি হয়নি। প্রচলিত কাঠামো (প্যাটার্ন) অনুযায়ী ১ হাজার ২০০ অধ্যাপকসহ ১২ হাজার পদ সৃষ্টির প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন। তাঁরা শিক্ষা ক্যাডারে পদোন্নতির ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করা ও সর্বোচ্চসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার দাবি জানান।

সমিতির নেতারা বলেন, অনেক শিক্ষক যথাসময়ে পদোন্নতি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এই সমস্যা দূর করতে তাঁরা বিসিএস ব্যাচভিত্তিক ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার দাবি জানান। পরে শিক্ষামন্ত্রী সমস্যাগুলো যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।