বিসিএস শিক্ষা সমিতিতে ‘জাতীয়তাবাদীদের’ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কেন্দ্রীয় ৬১টি সম্পাদকীয় পদের মধ্যে ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিত নাসরীন-সোহেল প্যানেল সভাপতিসহ ৬০টি পদে জিতেছে। ‘বর্তমান সরকারপন্থী’ হিসেবে পরিচিত দুটি প্যানেলের মধ্যে মাসুমে রব্বানী-সেলিম উল্লাহ খোন্দকার প্যানেল মহাসচিব পদে জিতেছে। গত মঙ্গলবার সারা দেশে ভোট গ্রহণের পর শুক্রবার গভীর রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন নাসরীন-সোহেল প্যানেল থেকে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নাসরীন বেগম। তিনি পেয়েছেন তিন হাজার ৬২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুমে রব্বানী খান পেয়েছেন তিন হাজার ৩৩৫ ভোট। আর সরকারপন্থীদের আরেকটি শফিক-শাহেদ প্যানেলের এস এম শফিকুল ইসলাম পেয়েছেন দুই হাজার ২৬৭ ভোট। অন্যদিকে মহাসচিব হয়েছেন মাসুমে রব্বানী-সেলিম উল্লাহ খোন্দকার প্যানেল থেকে ঢাকা কলেজের শিক্ষক ও সমিতির সাবেক মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি পেয়েছেন তিন হাজার ৮৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী প্যানেলের খান মইনুদ্দীন মাহমুদ আল সোহেল পেয়েছেন তিন হাজার ৩৭৭ ভোট। এই পদে শফিক-শাহেদ প্যানেলের মো. শাহেদুল খবির চৌধুরী পেয়েছেন এক হাজার ৯৩১ ভোট।সারা দেশে ১৮৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এবার মোট ভোটার ছিলেন ১০ হাজার ৩০০ জন। শিক্ষকদের একাংশ মনে করছেন, মূলত সরকারপন্থীরা বিভক্ত হয়ে নির্বাচন করার কারণেই তাঁদের ভরাডুবি হয়েছে।