বিসিএস সাধারণ শিক্ষকদের মর্যাদা সুরক্ষার দাবি
সারা দেশে জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করা এবং তাঁদের চাকরি শুধু সংশ্লিষ্ট কলেজে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল সোমবার বিভিন্ন জেলায় মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। কিন্তু বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পাঁয়তারা চলছে। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষক ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী শিক্ষকেরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।
আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গতকাল বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতির হুমকিও দেওয়া হয় এই সভা থেকে। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান। এতে বলা হয়, সারা দেশে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫ হাজার সদস্য বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নসংক্রান্ত বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে ১৫ হাজার সদস্যকে সঙ্গে নিয়ে লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
সমিতির জেলা সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহীর আঞ্চলিক পরিচালক আবদুল মান্নান সরকার, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলরোজ আরা প্রমুখ।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নওগাঁ জেলা ইউনিটের নেতারা গতকাল বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ওই সমিতির নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক জালাল উদ্দিন প্রামাণিক। সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নওগাঁ জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুছ আলী প্রমুখ।
জয়পুরহাট প্রেসক্লাবে (বিসিএস সাধারণ শিক্ষা) সমিতি জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে জেলার তিনটি সরকারি কলেজের শিক্ষকেরা সংবাদ সম্মেলন করেছেন। কলেজ তিনটি হলো জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ও জেলার পাঁচবিবি মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও জয়পুরহাট বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির সভাপতি গোলাম আযম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট (বিসিএস সাধারণ শিক্ষা) জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী ইমরুল কায়েস, সহসভাপতি মাহমুদ-উল-আলা, আবদুস সবুর, এম এম মাসুমসহ ৩০ জন শিক্ষক।