বিসিএসআইআরের সঙ্গে আগোরার সমঝোতা স্মারক সই
নিরাপদ খাদ্য ও মানসম্পন্ন দ্রব্যসামগ্রী ক্রেতার হাতে তুলে দিতে বৃহত্তম চেইন সুপারস্টোরস আগোরা আরও বেশি সচেতনতামূলক ও সতর্কতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে আগোরার পরিচালনা কর্তৃপক্ষ রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেড বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গত বুধবার ধানমন্ডিতে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট মিলনায়তনে সমঝোতা স্মারকে সই করেন বিসিএসআইআরের চেয়ারম্যান আহম্মদ ইসমাইল মোস্তফা ও রহিমআফরোজ সুপারস্টোরসের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। নিরাপদ, স্বাস্থ্যসম্মত খাদ্য ও পণ্যমান নিশ্চিত করতে এটাই দেশে প্রথম সরকারি-বেসরকারি খাতে অংশীদারিভিত্তিক (পিপিপি) প্রথম উদ্যোগ।বিসিএসআইআরের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট থেকে সর্বাধুনিক ও যুগোপযোগী পরীক্ষাগার সুবিধা নেবে আগোরা। এ পিপিপির ভিত্তিতে আগোরা সব ধরনের দেশীয় ও আমদানি করা ফলমূল, মাছ, মাংস, পচনশীল খাদ্যদ্রব্য ব্যাচ ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত হবে যে এসব পণ্যে মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো উপাদান নেই। ফলে আগোরা ও আগোরার অসংখ্য সরবরাহকারী তাদের পণ্যের মান আগাম নিশ্চিত করতে এ সুবিধা নিতে পারবে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হবে। বিজ্ঞপ্তি।