বিসিএসে উত্তীর্ণ নন ক্যাডারদের বেতনবৈষম্য নিয়ে রুল
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সঙ্গে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে সাধারণ নিয়মে নিয়োগ পাওয়া নন ক্যাডার কর্মকর্তাদের বেতনবৈষম্য বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
জনপ্রশাসনসচিব, আইনসচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ও সরকারি কর্মকমিশনের সচিবসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২৮তম থেকে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৪৭ জন নন ক্যাডার কর্মকর্তা এই রিট আবেদন করেছেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী খোন্দকার শাহরিয়ার শাকির।
খোন্দকার শাহরিয়ার শাকির প্রথম আলোকে বলেন, আইন অনুসারে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত এবং পিএসসির সাধারণ নিয়মে পরীক্ষার মাধ্যমে নন ক্যাডার পদে সরাসরি নিয়োগ পাওয়া কর্মকর্তারা সমমর্যাদার অধিকারী। অথচ নবম জাতীয় বেতন স্কেলে গত ২০ এপ্রিল সংশোধনী আনা হয়। এ অনুসারে পিএসসির সাধারণ নিয়মে উত্তীর্ণ নন ক্যাডার কর্মকর্তাদের ক্ষেত্রে একটি সুবিধা (ইনক্রিমেন্ট) বেশি নির্ধারণ করা হয়। এটি বৈষম্যমূলক।
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন ক্যাডার পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে ওই বৈষম্য দূর করতে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তা ও পিএসসির সাধারণ নিয়মে পরীক্ষার মাধ্যমে নন ক্যাডার পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মতো সমসুবিধায় (ইনক্রিমেন্ট) অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান শাহরিয়ার শাকির।